ভারতের সামনে ৩২৯ রানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিঞ্চ-স্মিথের ১৮২ রানের জুটিই আজ অস্ট্রেলীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ছবি: শামসুল হক, সিডনি থেকে
ফিঞ্চ-স্মিথের ১৮২ রানের জুটিই আজ অস্ট্রেলীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ছবি: শামসুল হক, সিডনি থেকে

স্টিভেন স্মিথ আর অ্যারন ফিঞ্চের ব্যাটে বিশাল সংগ্রহের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। মাঝখানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল ভারতীয় দল। বেশ দ্রুতই উইকেটে জমে যাওয়া ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহকে আয়ত্তের মধ্যেই রাখার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু একেবারে শেষের দিকে মিচেল জনসনের ঝড় অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে ৩২৮ রানের চূড়ায়। ফাইনালে যেতে হলে ভারতকে এখন রেকর্ড গড়েই যেতে হবে।
শক্তিশালি ব্যাটিং লাইন আপ ভারতের। ভারত কি পারবে অস্ট্রেলিয়ার ৩২৮ রানকে উৎরে যেতে? একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৫ বার তিন শর ওপর রান তাড়া করে জেতার রেকর্ড আছে ভারতের। এমন অনন্য অর্জনকে সঙ্গী করে ভারত আজ সর্বশক্তি দিয়েই ঝাঁপাবে অস্ট্রেলীয় সংগ্রহের পেছনে। কিন্তু মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডদের সমন্বয়ে গঠিত অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপটাকেও মাথায় রাখতে হচ্ছে তাদের। বিশ্বকাপে যে এখনো তিন শ রান তাড়া করার ইতিহাস নেই ভারতের।
ভারতের প্রশংসা করতেই হয় এই ম্যাচে। প্রশংসায় পঞ্চমুখ হতে হয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অসাধারণ অধিনায়কত্বের। খুব অল্প রানে ডেভিড ওয়ার্নারকে হারানোর পর স্টিভেন স্মিথ আর অ্যারন ফিঞ্চের অসাধারণ ব্যাটিং যেখানে অস্ট্রেলিয়াকে ৩৬০-৩৭০ রান কিংবা তার চেয়েও বেশি কিছুর স্বপ্ন দেখাচ্ছিল সেখানে তাদের সংগ্রহটা ৩২৮! অস্ট্রেলীয় মিডল অর্ডার যেভাবে উমেশ যাদবের বলে পথ হারানো, সেটার আন্তরিক প্রশংসা কিন্তু ভারতের প্রাপ্যই। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এনেই উমেশ যাদবকে দিয়ে পরপর দুটি উইকেট তুলে নেন ধোনি। স্মিথ ৯৩ বলে ১০৫ রান করে ফেরার পরপরই আউট হয়ে ফেরেন আরন ফিঞ্চ। ১৮২ রানের দুর্দান্ত জুটিটি ভেঙে যাওয়ার পরপরই ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ভারত। রবিচন্দ্রন অশ্বিন ম্যাক্সওয়েলকে ব্যাটিং পাওয়ার প্লে’র মধ্যে ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়া কিন্তু পড়ে গিয়েছিল যথেষ্ট বিপদের মধ্যেই।
অস্ট্রেলিয়া কতটুকু সমস্যায় পড়েছিল তার একটা ছোট্ট নমুনা হচ্ছে ব্যাটিং পাওয়ার প্লে। ৩৫ তম ওভারে ব্যাটিং পাওয়ার প্লে শুরু হলে স্কোর বোর্ডে ওঠে মাত্র ৩৩ রান। অথচ ফিঞ্চ ও স্মিথ প্রথম দশ ওভারে কিন্তু তুলেছিলেন ৫৬ রান।
মাইকেল ক্লার্ক ফিরে যান বেশ দ্রুতই। তিনি আউট হন মাত্র ১০ রানে। মোহিত শর্মার বলে রোহিত শর্মা ধরেন তাঁর ক্যাচটি। ওয়াটসন লড়াই করেছিলেন ৩০ বলে ২৮ রান করে বেশ গুরুত্বপূর্ণ সময়েই আউট হন ওয়াটসন। তাঁর উইকেটটি নিয়েছেন ওই মোহিত শর্মাই। 
অস্ট্রেলিয়ার ইনিংসকে মোটামুটি স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে যান জেমস ফকনার ও মিচেল জনসন। ফকনার ১২ বলে ২১ রান করে যাদবের বলে বোল্ড হন। জনসন শেষ দিকে ঝড় তুলেছিলেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯ বলে ২৭ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলে।
ভারতের পক্ষে সবচেয়ে বেশি ৪ উইকেট উমেশ যাদবের। মোহিত শর্মা পেয়েছেন ২ টি। রবিচন্দ্রন অশ্বিন সন্তুষ্ট একটি উইকেট নিয়েই।