‘ভারতের সাহস ফেরাতে দ্রাবিড়কে পাঠানো হোক অস্ট্রেলিয়ায়’
অ্যাডিলেড টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে গেছে বিরাট কোহলির ভারত। যে দল ব্যাটিং নিয়ে গর্ব করে, তাদের জন্য এমন কিছু সত্যিই বড় বিব্রতকর।
নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহের পর সমালোচনার ঝড় উঠেছে ভারতে। প্রথম টেস্টে লজ্জাকর হারের পর সিরিজের বাকি তিনটি টেস্টে যে গোটা ভারতীয় দলের আত্মবিশ্বাস তলানিতে থাকবে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
বাকি ম্যাচগুলোয় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেকেরা। দিলীপ ভেংসরকার যেমন চান দ্রুতই রাহুল দ্রাবিড়কে পাঠানো হোক অস্ট্রেলিয়ায়।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। নেট অনুশীলনে তাঁর উপস্থিতি আত্মবিশ্বাসের তলানিতে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের উদ্বুদ্ধ করবে বলে মনে করেন ভেংসরকার।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, এমন কঠিন পরিস্থিতিতে দ্রাবিড়ের চেয়ে ভালো আর কেউই ভারতীয় ব্যাটসম্যানদের সাহায্য করতে পারবে না, ‘বিসিসিআইয়ের উচিত হবে রাহুলকে দ্রুত অস্ট্রেলিয়াতে পাঠানো। সে অস্ট্রেলিয়াতে গিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের সাহায্য করুক। অস্ট্রেলীয় কন্ডিশনে যেখানে বল প্রচণ্ড সুইং করে, সেখানকার কন্ডিশন সম্পর্কে রাহুলের চেয়ে ভালো কেউ জানে না। রাহুলই পারে ভারতীয় ব্যাটসম্যানদের দারুণভাবে সাহায্য করতে। নেটে তার উপস্থিতি দলকে উদ্বুদ্ধ করতে পারে। নয় মাস ধরে করোনাভাইরাসের কারণে জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) বন্ধ আছে। রাহুলের আপাতত অখণ্ড অবসর। এটা বিসিসিআইয়ের কাজে লাগানো উচিত।’
রাহুল দ্রাবিড় এ মুহূর্তে বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভেংসরকার মনে করেন, করোনায় ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন সময় ধরে রাহুলকে যদি এখনই অস্ট্রেলিয়া পাঠানো হয়, তাহলে ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টের আগেই তিনি ভারতীয় দলের সঙ্গে কাজ করতে পারবেন।
দুটি টেস্টে দ্রাবিড়ের সহায়তা পেলেও ভারত বিপর্যয়ের হার অনেকটাই কমাতে পারে বলে মনে করেন ভেংসরকার, ‘যদি তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনেও থাকতে হয়, তাহলেও সে তৃতীয় টেস্ট থেকে দলের সঙ্গে যোগ দিতে পারবে। সেটাও–বা মন্দ কী! আমি মনে করি, সময় এসেছে রাহুলকে আরও বেশি করে ভারতীয় দলের সঙ্গে কাজ করানোর, তাকে কাজে লাগানোর।’
অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টে দ্বিতীয় দিনে বেশ ভালো অবস্থানেই ছিল ভারত। ৬২ রানের লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সবকিছু এলোমেলো হয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আড়াই দিনে টেস্টটি হারতে হয় ভারতকে। দ্বিতীয় ইনিংসে দলের একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। একজন ব্যাটসম্যানও সাকল্যে ৬০ মিনিট বা এক ঘণ্টা উইকেটে টিকে থাকতে পারেননি।’
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। প্রথম সন্তান জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার কাছে থাকতে তিনি ফিরে যাবেন ভারতে।
কেবল দ্বিতীয় টেস্ট কেন, করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিন জটিলতায় কোহলিকে বাকি তিন টেস্টেই পাচ্ছে না ভারত। অ্যাডিলেডের বিপর্যয়ের পর বাকি তিনটি টেস্টে ভারত কী প্রক্রিয়ায় ঘুরে দাঁড়ায়, এখন দেখার বিষয় সেটিই।