ভারতের সেরা স্পিনার এখন কেদার যাদব!

তাঁর বোলিং স্টাইল দেখে লাসিথ মালিঙ্গার ছবি ভেসে ওঠে। শ্রীলঙ্কান পেসারের মতোই স্লিঙ্গিং অ্যাকশনে অনেকটা ঝুঁকে ব্যাটসম্যানের দিকে ডেলিভারি দেন কেদার যাদব। এই অদ্ভুতড়ে বোলিং অ্যাকশন দিয়েই ভারতের গত এক বছরের সেরা স্পিনার হয়ে গেছেন তিনি!
যাদবের প্রোফাইল বলছে, তিনি অফ স্পিনার। তবে যে বল করেন, সেটা স্পিন নাকি শুধুই ধীর গতির—এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। নিরীহ নির্বিষ বোলিংয়ে যেমন নেই স্পিনের কারুকাজ, খুব একটা বৈচিত্র্যও নেই। তবু এই বোলিংয়ে ভারতকে নিয়মিত উইকেট এনে দিচ্ছেন এই অলরাউন্ডার। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের দুই থিতু ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে আউট করে দিয়ে আসল ধাক্কা দিয়েছিলেন যাদবই। সেটা যে ব্যতিক্রমী কিছু ছিল না, সেটা দেখিয়েছেন পাকিস্তানের বিপক্ষে ফাইনালে, চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরেও। গতকাল উইন্ডিজের বিপক্ষে ৪ ওভার বল করে ১৩ রানে ১ উইকেট পেয়েছেন। ধোনি একটি ক্যাচ ফেলে না দিলে পেতে পারতেন আরও একটি।
এক বছর ধরে এমন কিছুতে অভ্যস্ত হয়ে গেছে ভারত—যাদবই যে এখন ভারতের মূল ভরসা, কোহলির ‘গোল্ডেন আর্ম!’ টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দুই বোলারই ভারতের। দুই স্পিনারে ভর করে টেস্টের শ্রেষ্ঠত্ব নিজেদের অধিকারে নিয়েছে দলটি। কিন্তু রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ওই পারফরম্যান্স কেন যেন একদিনের ক্রিকেটে দেখা যায় না। গত এক বছরে ওয়ানডেতে জাদেজা ও অশ্বিনের উইকেটসংখ্যা মাত্র ৮। প্রতিটি উইকেট পেতে অশ্বিনকে করতে হয়েছে গড়ে ৫৬টি বল আর জাদেজার খরচ হয়েছে ৬৯টি! সে তুলনায় প্রতি ২৪ বলে উইকেট পাচ্ছেন যাদব। অনিয়মিতভাবে বল হাতে নিয়েই ১১ উইকেট তাঁর, সেটাও মাত্র ২০.০৯ গড়ে!
গত এক বছরে যাদবের চেয়ে ভালো করেছেন মাত্র একজন স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডেতে ১৫ উইকেট পেলেও দলে আর সুযোগ পাচ্ছেন না অমিত মিশ্র। অশ্বিন-জাদেজা আর ‘সারপ্রাইজ প্যাকেজ’ যাদবেই আস্থা রাখছে ভারত দল।