ভারতের হতাশার দিনে ভারতীয় আম্পায়ারদের পরীক্ষা নিলেন টম লাথাম

নিউজিল্যান্ডের দুই ওপেনার হতাশ করেছেন ভারতকেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা হওয়ার কথা ছিল ভারতের। কানপুর টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। থিতু হওয়া দুই ব্যাটসম্যান নিয়ে আজ দিন শুরু করেছিল ভারত। কিন্তু টিম সাউদির অসাধারণ এক স্পেলে মুখ থুবড়ে পড়ল স্বাগতিক দল।

৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা ভারত ৩৪৫ রানে গুটিয়ে গেছে। আর দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড ১২৯ রান তুলে নিয়েছে। ৭৫ রানে অপরাজিত উইল ইয়াং। ৫০ রান করে টিকে আছেন টম ল্যাথাম। ল্যাথামের ইনিংস ভারতীয় দুই আম্পায়ারের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে আজ।

দারুণ খেলেছেন ইয়াং
ছবি: এএফপি

মধ্যাহ্নবিরতির একটু পর ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। চা-বিরতির আগেই দুবার আউট হতে পারতেন টম ল্যাথাম, প্রথমবার শূন্য রানে। তৃতীয় ওভারে ইশান্ত শর্মার বলে ল্যাথামকে আউট দিয়েছিলেন আম্পায়ার নিতিন মেনন। কিন্তু সঙ্গে সঙ্গে রিভিউ নেন নিউজিল্যান্ডের ওপেনার। রিভিউতে দেখা গেছে, বল ব্যাটে লেগেছিল। ৩ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে হয়নি নিউজিল্যান্ডকে।

ইনিংসের ১৫তম ওভারে আবার ল্যাথামকে আউট দিয়েছিলেন আম্পায়ার মেনন। এবার রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লুর সিদ্ধান্ত। আবারও ডিআরএসের সাহায্য প্রার্থনা। এবারও বল প্যাডে লাগার আগে ব্যাটের স্পর্শ নিয়েছিল! ল্যাথামের জীবনপ্রাপ্তি ১০ রানে, নিউজিল্যান্ডের রান তখন ৩৫।

ওভিষেকে সেঞ্চুরি পেয়েছেন আইয়ার
ছবি: টুইটার

ল্যাথামের সঙ্গে আম্পায়ারদের বিমাতাসুলভ আচরণের সর্বশেষ ঘটনা একদম শেষ বেলায়। দিনের শেষ ওভারের আগের ওভারে অশ্বিনের বলে আবারও ল্যাথামকে আউট দিয়েছিলেন আম্পায়ার। এবার অবশ্য অপরাধী অন্যজন, বীরেন্দর শর্মা। এবার অবশ্য ব্যাটে আর বল লাগেনি, আর সেটাই ল্যাথামকে বাঁচিয়ে দিয়েছে। ততক্ষণে অবশ্য ৫০ হয়ে গেছে ল্যাথামের। নিউজিল্যান্ডের রানও ততক্ষণে ১২৮।

দিন শেষে এ নিয়ে তাই মজা করতে ভোলেননি নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম। একসময় কোনো সিরিজেই ডিআরএস নিতে চাইত না ভারত। সে দিনগুলোর সুবিধার কথা ভারতকে মনে করিয়ে টুইট করেছেন, ‘টম ল্যাথাম যদি সেঞ্চুরি পায়, ভারত হয়তো ঘরের মাঠে ডিআরএস ব্যবহার না করার দিনগুলোতে ফিরে যাবে।’

এভাবে বারবার জীবন পেতে পেতে রান তুলতে একটু সময় নিয়েছেন ল্যাথাম। ভারতের মাটিতে নিজের চতুর্থ ৫০ পেতে তাই এবারই সবচেয়ে বেশি বল (১৫৭ বল) দরকার হয়েছে তাঁর।

সকালে দুর্দান্ত বল করেছেন সাউদি
ছবি: টুইটার

ওদিকে ভারতের মাটিতে ওই প্রথম খেলতে নামা উইল ইয়াং ছিলেন দুর্দান্ত। ৮৮ বলেই পেয়েছেন ৫০। এরপরই অপরাজিত থেকে দিন শেষ করায় মন দিয়েছেন। কানপুরে ভারতীয় স্পিনারদের দাপট দেখার অপেক্ষায় ছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু জাদেজা, অশ্বিন ও অক্ষর প্যাটেলদের বিরুদ্ধে দারুণ পায়ের কাজ দেখিয়েছেন। একের পর এক ড্রাইভে স্পিনারদের হতাশ করেছেন। ৮ চারে ৫০ ছোঁয়া ইয়াং এরপর আরও চারবার বল সীমানাছাড়া করেছেন।

এর আগে দিনের প্রথম ভাগটা শুধুই টিম সাউদির। দিনের শুরুতেই ফিরিয়ে দিয়েছেন জাদেজাকে। ৫০ রান নিয়ে দিন শুরু করা জাদেজা আজ স্কোরবোর্ডে কোনো দাগ কাটতে পারেননি বোল্ড হওয়ার আগে। ঋদ্ধিমান সাহাকেও একটু পরই ড্রেসিংরুমে পাঠিয়েছেন সাউদি। ৭৫ রান নিয়ে দিন শুরু করা শ্রেয়াস আইয়ার অভিষেকেই শতরানের তৃপ্তি পেয়েছেন। কিন্তু এরপরই সাউদির শিকার বনেছেন। অক্ষর প্যাটেলকেও নিজের শিকার বানিয়েছেন সাউদি।

এজাজ প্যাটেল শেষ ২ উইকেট তুলে নিলে ৩৪৫ রানে গুটিয়ে যায় ভারত। ৬৯ রানে ৫ উইকেট পেয়েছেন সাউদি।