ভারতের ২০১৯ বিশ্বকাপের দল গঠনে শাস্ত্রীরই মত নেওয়া হয়নি
ভারতের কোচের দায়িত্বে তাঁর চুক্তি আর নবায়ন করা হয়নি, সে জায়গায় কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। এরই মধ্যে দ্রাবিড়ের অধীনে ভারত দুটি সিরিজ খেলে ফেলেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জিতেও নিয়েছে। ভারতীয় দলেও বদল এসেছে, টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও বিরাট কোহলির বদলে অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা।
মাঠে-মাঠের বাইরে ভারত দলে যখন এত কিছু ঘটে চলেছে, ভারতের সদ্য সাবেক হয়ে যাওয়া কোচ রবি শাস্ত্রী কী করছেন? ৫৯ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান বলতে গেলে হৃদয় খুঁড়ে পুরোনো ক্ষত জাগাচ্ছেন। নতুন করে শাস্ত্রী আলোচনায় এসেছেন ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াতে সাক্ষাৎকার দিয়ে। সেখানে তিনি কথা বলেছেন দুই বছর আগের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে।
সেবার সেমিফাইনাল থেকে বাদ পড়েছে ভারত, তখন শাস্ত্রীর প্রথম দফার চুক্তি নবায়ন না করার ব্যাপারেও অনেক কথা উঠেছিল। এখন শাস্ত্রী বলছেন, ২০১৯ বিশ্বকাপের সেই দল গঠনে তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কয়েকজন কর্মকর্তা নাকি চেয়েছিলেন, শাস্ত্রী যাতে ভারতের কোচ থাকতে না পারেন—অন্তত শাস্ত্রীর মত এমনই।
শাস্ত্রীর অধীনে ভারতের সাফল্যের আলোচনায় সব সময়ই একটা বড় প্রশ্ন ছিল আইসিসির টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স নিয়ে। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বাড়ি ফিরতে হয়েছে কোহলি-রোহিতদের, আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে ভারত। কিন্তু শাস্ত্রীর কথা অনুযায়ী, ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার পেছনে দায়টা শুধুই তাঁর কিংবা খেলোয়াড়দের ছিল না।
দুই বছর আগের সে বিশ্বকাপে ভারতের দলে তিনজন উইকেটকিপার ছিলেন। মহেন্দ্র সিং ধোনি আর ঋষভ পন্ত তো ছিলেনই, পাশাপাশি দীনেশ কার্তিকও ছিলেন দলে। অথচ সেই টুর্নামেন্টের আগে-পরে পুরোটা সময় ‘ভারতের চার নম্বরে কে খেলবে’ বলে সরগরম ছিল সংবাদমাধ্যম। শাস্ত্রীর কথা, সেখানে তিন উইকেটকিপারের কোনো একজনের বদলে আসলে আম্বাতি রাইডু কিংবা শ্রেয়াস আইয়ারের কোনো একজনকে চেয়েছিলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে সে সময়ের প্রধান নির্বাচক সি এস কে প্রসাদের দিকে আঙুল তুলে শাস্ত্রী বলেছেন, ‘ওই সময়ে (২০১৯ বিশ্বকাপের দল নির্বাচনে) আমার কোনো মতামতই নেওয়া হয়নি! তবে বিশ্বকাপের জন্য তিন উইকেটকিপার নিয়ে যাওয়া আমি মেনে নিতেই পারিনি। এর বদলে আম্বাতি কিংবা শ্রেয়াসের কেউ একজন দলে ঢুকতে পারত। এম এস ধোনি, ঋষভ আর দীনেশের তিনজনকেই একসঙ্গে দলে নেওয়ার কী যুক্তি থাকতে পারে?’
তবে নির্বাচকদের কাজে কখনো হাত দেননি বলে দাবি শাস্ত্রীর, ‘তবে শুধু যখন আমার মতামত জানতে চাওয়া হয়েছিল কিংবা সাধারণ আলোচনা হতো, সেটা ছাড়া আমি কখনো নির্বাচকদের কাজে নাক গলাইনি।’
শাস্ত্রীর সাক্ষাৎকারে বোমা ফাটানো সেখানেই শেষ হয়নি। তাঁর দাবি অনুযায়ী, শুধু খেলোয়াড় নির্বাচনই নয়, তাঁর সহকারী কোচ হিসেবে কাকে চান শাস্ত্রী, সেটিতেও নাকি বাগড়া দিতে চেয়েছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের অনেকে। শাস্ত্রীর কোচিং স্টাফে বোলিং কোচ যিনি ছিলেন, সেই ভরত অরুণকে শাস্ত্রী চাইলেও প্রথমে নাকি বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামিসহ ভারতের বর্তমান ফাস্ট বোলিং বিভাগের দ্যুতি ছড়ানোর পেছনে ভরত অরুণেরই কৃতিত্ব দেখেন অনেকে। কিন্তু শাস্ত্রীর দাবি, তিনি চাইলেও এই ভরতকে ভারতের বোলিং কোচ করতে অনেক আপত্তি এসেছিল বিসিসিআইয়ের দিক থেকে।
‘হ্যাঁ, তারা আমাকে ভরত অরুণকে বোলিং কোচ হিসেবে পেতে দিতেও চায়নি। এখন যখন দেখি সেই সিদ্ধান্তটা (ভরতকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া) কীভাবে কাজে এসেছে...যে লোকটাকে তারা বোলিং কোচ হিসেবে নিতেই চায়নি, তিনিই এই দেশটির ইতিহাসের সেরা (বোলিং কোচ) হয়ে গেছেন’ - বলেছেন শাস্ত্রী।
এরপরই শাস্ত্রীর আরেক বোমা ফাটানো দাবি, তাঁকে নাকি ভারতের কোচ হিসেবেই দেখতে চাননি অনেকে! ‘আমি গণহারে অনেকের দিকে আঙুল তুলছি না, নির্দিষ্ট কয়েকজনের কথা বলছি। এটা বলতেই হবে, আমি যাতে (ভারতের কোচের) চাকরিটা না পাই, সেটা নিশ্চিত করতে অনেক চেষ্টা করেছিলেন অনেকে। অবশ্য জীবন তো এমনই’—শাস্ত্রীর কথা।