ভারতের ৫০০তম টেস্ট দেখতে যাবেন না শশাঙ্ক মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ৫০০তম টেস্ট দেখতে যাবেন না শশাঙ্ক মনোহর। ছবি-এএফপি
ভারতের ৫০০তম টেস্ট দেখতে যাবেন না শশাঙ্ক মনোহর। ছবি-এএফপি

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট। কানপুরের গ্রিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টটা ভারতের ৫০০তম টেস্ট। যে মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে কানপুরে থাকবেন বিশ্ব ক্রিকেটের অনেক কিংবদন্তি, থাকবেন সাবেক-বর্তমান অনেক তারকাসহ রথী-মহারথীরা। কিন্তু এমন একটা মহাযজ্ঞেই কিনা ভারতীয় হয়েও থাকছেন না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি শশাঙ্ক মনোহর! নিজের ব্যস্ত সূচির কারণে কানপুরে থাকাটা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মনোহর।

এটা বাইরের খবর। ভেতরের খবর বলছে, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আইসিসির যে অঘোষিত যুদ্ধ চলছে, সে কারণেই এ অনুষ্ঠানটা বর্জন করছেন আইসিসি সভাপতি।

আইসিসির কর্তা হিসেবে মনোহরের নিয়োগে প্রথমে খুশিই হয়েছিল বিসিসিআই। বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের যে প্রভাব, সেটি আরও শক্ত হবে বলেই মনে করা হচ্ছিল। যদি অন্য অনেক সদস্য দেশই চাইছিল সে আধিপত্য কমুক। বিসিসিআই মনে করে, এই জায়গায় একজন ভারতীয় হয়েও মনোহর তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। যেটি পরিষ্কার সম্প্রতি বেশ কিছু ঘটনায়।

আইসিসির সভায় দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের বিপক্ষে ভোট দিয়েছে ভারত। সেটি আইসিসি ভালোভাবে নেয়নি। এ ছাড়া এ মাসের শুরুতে আইসিসির ফিন্যান্স কমিটির সভা থেকে ভারতকে বাদ দেওয়ার পর তো ঠান্ডা যুদ্ধই শুরু হয়ে গেছে দুটি সংস্থার মধ্যে। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর তো সরাসরিই বলেছেন, ‘তিনি (মনোহর) ভারতীয় বোর্ডের স্বার্থ না দেখে আইসিসিকে বেশি প্রাধান্য দিচ্ছেন।’ হুমকিও দিয়েছেন, ভারতকে ছাড়া বিশ্ব ক্রিকেট এগিয়ে নেওয়া যাবে না বলে। দ্বন্দ্বটা আরও বেড়েছে, আগামী বছর ইংল্যান্ডের হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্বাগতিক দেশকে দেওয়া বরাদ্দ নিয়ে।

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে প্রায় ১৩ কোটি ৫০ লক্ষ ডলার বাজেট পাচ্ছে ইসিবি। যেখানে ভারতে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বরাদ্দ ছিল ৪ কোটি ৫০ লক্ষ ডলার। ইংল্যান্ডে হবে ১৯ দিনে ১৫ ম্যাচ। ভারতে হয়েছিল ২৭ দিনে ৫৮ ম্যাচ। ভারতের দাবি, আইসিসি ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দিচ্ছে। এ ছাড়া শোনা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে লন্ডনে একটা অফিসও বানাতে চলেছে আইসিসি। যেটা চ্যাম্পিয়নস ট্রফির কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। টুর্নামেন্ট শেষে সেই অফিস পাকাপাকিভাবে চলে যাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে। হঠাত্‍ আইসিসির টাকায় কেন ইসিবি অফিস পাচ্ছে, এটাও ভালোভাবে নিচ্ছে না ভারতীয় বোর্ড। সব মিলিয়ে আইসিসি-বিসিসিআইয়ের মধ্যে ঠান্ডা লড়াইটা বেশ দীর্ঘায়িত হবে বলেই মনে হচ্ছে।

ভারতের ৫০০তম টেস্টে শশাঙ্ক মনোহরের অতিথি হয়ে না আসায় এই দ্বন্দ্বটা আরও বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। টাইমস অব ইন্ডিয়া।