ভারতের ৭ উইকেটের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে এর আগে এক দফা ঠোকাঠুকি হয়েছিল দিনেশ চান্ডিমালের সঙ্গেও। পরে সেই চান্ডিমালকেই (ছবিতে নেই) আউট করে এমন আগ্রাসী উদ্‌যাপন করলেন ইশান্ত শর্মা। কাল কলম্বোতে l এএফপি
মাঠে এর আগে এক দফা ঠোকাঠুকি হয়েছিল দিনেশ চান্ডিমালের সঙ্গেও। পরে সেই চান্ডিমালকেই (ছবিতে নেই) আউট করে এমন আগ্রাসী উদ্‌যাপন করলেন ইশান্ত শর্মা। কাল কলম্বোতে l এএফপি

২২ বছর ধরে ভারতের কাছে অজেয় দুর্গ শ্রীলঙ্কা। এই দুর্গের পতন ঘটাতে বিরাট কোহলির দলের দরকার আর মাত্র ৭টি উইকেট। আর অজেয় থাকতে হলে শ্রীলঙ্কাকে টিকে থাকতে হবে পুরো একটা দিন, নির্দিষ্ট করে বললে কাটাতে হবে ৯৮ ওভার। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এটাই শেষ দিনের হিসাব-নিকাশ।
না, বোধ হয় একটু ভুল হলো। সম্ভাব্য বৃষ্টির ভূমিকাটা ভুলে গেলে চলবে কী করে! কয়েক দিন ধরেই থেমে থেমে কাঁদছে কলম্বোর আকাশ। আজও বৃষ্টি বাগড়া দিলে শ্রীলঙ্কার মুখেই হাসি থাকবে বেশি। ইতিহাস বলছে, নিজেদের মাঠে চতুর্থ ইনিংসে কখনো এত বেশি রান তাড়া করে জেতেনি শ্রীলঙ্কা। দেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৫২ রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। সেটি কলম্বোর পি সারা ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৬ সালে। কয়েক দিন আগে পাল্লেকেলেতে পাকিস্তান অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩৮২ করে জিতেছে। তবে এসএসসিতে চতুর্থ ইনিংসে ৩০০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড একটিই, সেটিও ১৭ বছর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে। জয়ের স্বপ্ন দেখাটা তাই একটু বাড়াবাড়িই হয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের জন্য।
ফল যা-ই হোক, দুই দলের উদ্বোধনী জুটির জন্য এই সিরিজটা গেল দুঃস্বপ্নের মতো। দুদলের কোনো উদ্বোধনী জুটিই এ সিরিজে ১৫ রানের বেশি করতে পারেনি। এই সিরিজে উদ্বোধনী জুটির গড় রান ৫.৯১। তিন টেস্টের সিরিজে যা সর্বনিম্ন। আরও একবার ওপেনারদের ব্যর্থতা ৩ উইকেটে ২১ বানিয়ে দিয়েছিল চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে। সেখান থেকে কুশল সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুসের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির ৪৬ রান দিন শেষে স্বাগতিকদের একটু স্বস্তি তো দিয়েছেই!
শ্রীলঙ্কার সামনে ভারত বেশ বড় লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে। বিশেষ করে অষ্টম ও নবম উইকেটে ভারতের ৫৫ ও ৩৫ রানের জুটি দুটি ভালোই জ্বালিয়েছে শ্রীলঙ্কান বোলারদের। ব্যাটে-বলে লড়াইয়ের পাশাপাশি উত্তাপ ছড়িয়েছে দুই দলের কথার লড়াইও। বিশেষ করে, ভারতের শেষ ব্যাটসম্যান ঈশান্ত শর্মাকে টানা কয়েকটি বাউন্সার দিয়ে খেপিয়েই তুলেছিলেন ধাম্মিকা প্রসাদ। দুজনের কথার লড়াইয়ে যোগ দেন দিনেশ চান্ডিমালও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হয় দুই আম্পায়ারকে। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। ভারতের ইনিংস শেষে দুই দলের খেলোয়াড়েরা ড্রেসিং রুমে ফিরে যাওয়ার সময়ও ইশান্তের পিছু পিছু ছুটে গেছেন প্রসাদ। ওই সময়ও দুজনের মধ্যে হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। যার জের চলেছে শ্রীলঙ্কা ব্যাট করতে নামার পরও। উপুল থারাঙ্গাকে আউট করে তাঁকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে দিয়েছেন ইশান্ত। আগের টেস্টেই কিন্তু এমন আচরণের জন্য জরিমানা গুনেছেন ভারতের দীর্ঘদেহী পেসার! ক্রিকইনফো ও সনি সিক্স।