ভারতের 'দুই ভরসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধে নেতৃত্বের ভার। কিন্তু সেই ভার অস্ট্রেলিয়া সিরিজে বুঝতেই দেয়নি বিরাট কোহলির ব্যাট। ভারতের নতুন টেস্ট অধিনায়ককে দেখে রীতিমতো মুগ্ধ জন রাইট। ভারতের সাবেক কোচ মনে করেন, ভারত বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারে তাদের ব্যাটিংয়ের সৌজন্যেই। বিরাট কোহলি ছাড়াও ব্যাটিংয়ে নির্ভরতা হতে পারেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ানসের জন্য নতুন প্রতিভার খোঁজে দলটির কোচ রাইট এখন ভারতে। গত মঙ্গলবার দিল্লিতে রঞ্জির বরোদা-রেলওয়ে ম্যাচ দেখার ফাঁকে বিশ্বকাপে ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে করেছেন কোহলি-প্রশস্তি, ‘তার (কোহলি) যে বিষয়টি মনে দাগ কাটে তা হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা।’ আর রোহিত সম্পর্কে মূল্যায়ন, ‘আমি জানি সে কী করতে পারে। সে ম্যাচজয়ী খেলোয়াড়। তার ব্যাটিংটাও আনন্দদায়ী।’
কিন্তু শুধু ব্যাটিং দিয়েই তো বিশ্বকাপ জেতা যায় না। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে উন্নতি করতে হবে বোলিংয়েও, বিশেষ করে প্রতিপক্ষ ইনিংসের শুরুতেই ধাক্কা দিতে হবে উইকেট নিয়ে। রাইটের ভাষায়, ‘দুই প্রান্তেই নতুন বলে শুরু হয় প্রতিটি ইনিংস। এর সুবিধা না নিতে পারলে ম্যাচ হাতছাড়া হয়ে যাবে।’
বিশ্বকাপে ভারত কেমন করে সেটি পরের ব্যাপার, তবে টুর্নামেন্টের আগে ভারতের প্রস্তুতিকে ভালোই বলছেন ভারতের সাবেক কোচ। আজ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ যে প্রস্তুতিটাকে আরও এগিয়ে নেবে। পিটিআই।