ভারতের 'বিভীষণ' শ্রীরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার স্পিন-পরামর্শক হয়ে ঘরের শত্রু বিভীষণ শ্রীরাম। ফাইল ছবি।
অস্ট্রেলিয়ার স্পিন-পরামর্শক হয়ে ঘরের শত্রু বিভীষণ শ্রীরাম। ফাইল ছবি।

১৩৩ প্রথম শ্রেণির ম্যাচে সাকুল্যে ৮৫ উইকেট। বোলার হিসেবে তিনি ছিলেন সাধারণ মানেরই । তবু শ্রীধরন শ্রীরামকে অস্ট্রেলিয়ার পত্রপত্রিকা ডাকছে এখন ‘স্পিন-গুরু’ বলে। ভারতকে ৩৩৩ রানের লজ্জায় ডোবানোর সাফল্যের ভাগটা ভারতীয় এই অলরাউন্ডার পাচ্ছেন বেশ ভালোভাবেই।
পুনে টেস্টে ভারতকে ডুবিয়েছেন স্টিভ ও’কিফ। প্রথম ইনিংসে ৩৫ রান দিয়ে ৬ উইকেট তুলে ভারতের ইনিংসটা শেষ করার দায়িত্ব নিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ঠিক ৩৫ রান দিয়ে ৬ উইকেট তুলে ভেঙে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিংয়ের মেরুদণ্ড। এমন দুর্দান্ত নৈপুণ্যের পরও অবশ্য বিনয়ী কণ্ঠেই শ্রীরামের অবদান স্বীকার করেছেন ও’কিফ, ‘আমার মতে সবচেয়ে বেশি প্রভাব ছিল শ্রীর (শ্রীরাম)। ‘এ’ দলের হয়ে খেলতে এসে চেন্নাইয়ে তাঁর সঙ্গে কাজ করেছিলাম। তিনি স্থানীয় লোক, কন্ডিশনটা বোঝেন। তাই তাঁর সঙ্গে কথা বলার সুযোগটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মধ্যাহ্নবিরতিতে তাঁর সঙ্গে বোলিং করেছি। তিনি জানেন এমন কন্ডিশনে কীভাবে বল করতে হয়, ব্যাটসম্যানরা কী চিন্তা করছে। অন্য কোচিং স্টাফদের চেয়ে তাঁর সাহায্য কাজে লেগেছে বেশি।’
ব্যাটসম্যানরা কী চিন্তা করছেন, এটা অবশ্য ভালোই বোঝার কথা শ্রীরামের। ক্যারিয়ারে যে বাঁহাতি স্পিন বোলিংয়ের চেয়ে ব্যাটিংটাই ভালো করতেন। প্রায় ৫৩ গড়ে ৯ হাজার ৫৩৯ রান করেছেন প্রথম শ্রেণিতে। ৩২টা সেঞ্চুরিও আছে তাঁর। তাই ব্যাটে-বলে তাঁর পরামর্শ কাজে লাগাতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে মূল দলে স্পিন-পরামর্শক হিসেবে ডাকা হয়েছিল তাঁকে। শ্রীলঙ্কার বিপক্ষে ধবলধোলাই হলেও শ্রীরামের শিক্ষাটা ভারতের বিপক্ষেই কাজে লাগালেন অস্ট্রেলীয় স্পিনাররা।
ভারতী দলের দুঃখটাও এখানেই, এভাবে ‘ঘরের শত্রু বিভীষণ’ হয়ে যেতে শ্রীরামকে কে বলেছিল! সূত্র: জি নিউজ।