ভারতের 'লেগ ভেলকি'তে অসহায় দ. আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
উইকেট পেয়েছেন যাদব, উদ্‌যাপনে অবশ্য চাহালই বেশি এগিয়ে। দুজনে মিলেই যে দক্ষিণ আফ্রিকার সর্বনাশ করেছেন আজ। ছবি: এএফপি
উইকেট পেয়েছেন যাদব, উদ্‌যাপনে অবশ্য চাহালই বেশি এগিয়ে। দুজনে মিলেই যে দক্ষিণ আফ্রিকার সর্বনাশ করেছেন আজ। ছবি: এএফপি
  • ৪২ রান দিয়ে ৮ উইকেট পেয়েছেন দুই লেগ স্পিনার
  • ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
  • সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত

ইমরান তাহির নামে একজন ব্যক্তি যে একাদশে আছে, সেটা জানে তো দক্ষিণ আফ্রিকা? নেটে তাঁর বল অনুশীলন কি করা হয় প্রোটিয়াদের? প্রশ্নগুলোর উত্তর ‘হ্যাঁ’ বলতে দ্বিধা হবে তাদেরই। ভারতীয় দুই রিস্ট স্পিনারের বল যে পড়তেই পারছে না স্বাগতিক দল। দ্বিতীয় ওয়ানডেতেও লেগ স্পিন ধাঁধার উত্তর নেই মার্করাম-ডি ককদের কাছে। ১১৮ রানে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে ভুবনেশ্বর কুমারের হাতে বল তুলে দেওয়ার সময় বিরাট কোহলি হয়তো একটি কথাই বলেছিলেন, ‘হাশিম আমলাকে আউট কর, বাকিটা বুঝে নিচ্ছি।’ এবি ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসি-বিহীন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপে যে স্পিনে একদম অনভিজ্ঞ। আগের ম্যাচে ডু প্লেসি সেঞ্চুরি পেয়েছিলেন। সে ম্যাচেও যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব মিলে ৭৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন। আজ তো ডু প্লেসিও নেই!
দশম ওভারে আমলাকে ফেরালেন ভুবনেশ্বর। ৩২তম ওভারে দক্ষিণ আফ্রিকান লেগি ইমরান তাহিরকে বোল্ড করলেন জসপ্রীত বুমরা। আর বাদবাকি গল্পটা ভারতীয় লেগিদের। একদিক থেকে বল করছেন যুজবেন্দ্র চাহাল, অন্যদিকে কুলদীপ যাদব। ৩৯ রানে আমলা আউট হওয়ার পর ১২ রানের একটা জুটি হয়েছিল। কিন্তু লেগ স্পিনার চাহাল আর চায়নাম্যান যাদবের দুই ওভারে স্কোরটা ৫১/১ থেকে ৫১/৪ হয়ে গেল মুহূর্তেই!
এরপর কিছুক্ষণ স্বাভাবিক খেলা চলল, এমন অবস্থায় যতটা স্বাভাবিক খেলা যায় আর কি! দক্ষিণ আফ্রিকার স্কোর যখন এক শ ছুঁই ছুঁই, তখন খায়া জন্ডোর ইচ্ছে হলো চাহালকে হাঁকানোর। কিন্তু পান্ডিয়ার দারুণ এক ক্যাচে উল্টো ড্রেসিংরুমে যেতে হয়েছে তাঁকে। এই যে প্রতিরোধ ভাঙল, সেটা আর গড়ে উঠল না স্বাগতিকদের। ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গেল ডান ও বাঁ হাতি লেগ স্পিনে। ১১৮ রানে অলআউট মার্করামের দল। এমন তাণ্ডব চালাতে মাত্র ১৪.২ ওভার বল করতে হয়েছে ভারতীয় দুই লেগিকে। ২২ রানে ৫ উইকেট চাহালের, ২০ রানে ৩ উইকেট যাদবের।

জবাবে দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান (৫১*) ও বিরাট কোহলির (৪৬*) অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে ১৭৭ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে ভারত। মজার ব্যাপার হলো ম্যাচের নিষ্পত্তি থেকে মাত্র ২ রান দূরে থাকতে মধ্যাহৃ–ভোজনে গিয়েছে দুই দল। এ নিয়ে এক চোট হাসাহাসিও করেছেন কোহলি ও ইমরান তাহির। আম্পায়াররা রসিক বটে!