ভারতের 'হ্যাঁ'-এর অপেক্ষায় ওয়াসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-পাকিস্তান সিরিজের অপেক্ষায় আছেন ওয়াসিমও। ছবি: এএফপি।
ভারত-পাকিস্তান সিরিজের অপেক্ষায় আছেন ওয়াসিমও। ছবি: এএফপি।

শুরুতে বিষয়টা ছিল দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা, পরে দাঁড়াল ভেন্যু নিয়ে জটিলতা। আর এখন ভারত সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে জটিলতা ধীরে ধীরে কমছে, তবে অপেক্ষা যেন ফুরোতেই চাচ্ছে না। দুনিয়াজুড়ে তাবৎ ক্রিকেটপ্রেমী এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ক্রিকেট মাঠের লড়াই দেখতে অপেক্ষার প্রহর গুনছেন। একই অবস্থা ওয়াসিম আকরামেরও। ভারত সরকারের কাছ থেকে এই সিরিজের ব্যাপারে ‘হ্যাঁ’ শুনতে মুখিয়ে আছেন তিনি।
গত সপ্তাহে প্যারিসে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। ব্যাংককেও দুই দেশের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনায় বসেছিলেন। সব মিলিয়ে ভারতের মাটিতে ২০১২-১৩ সালের সিরিজের পর আবারও দুই দেশের ‘ক্রিকেট-যুদ্ধ’ দেখার সম্ভাবনা এই মুহূর্তে উজ্জ্বলই। সম্ভাবনাটা বাস্তবে রূপ নিতে পারে, যদি ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিরিজের ব্যাপারে সবুজ সংকেত পাওয়া যায়। সিরিজটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের।
‘হার্ট অব এশিয়া রিজিওনাল’ শীর্ষক এক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছেছেন সুষমা স্বরাজ। গত সোমবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বলেছিলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এই সফরই নির্ধারণ করে দিতে পারে পাকিস্তান-ভারত সিরিজের ভাগ্য।
দুই দেশের ক্রিকেটামোদী দর্শকদের মতো ওয়াসিমও আশার ক্ষণ গুনছেন সুষমার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার। করাচিতে সাংবাদিকদের এই সাবেক পাকিস্তান কিংবদন্তির মন্তব্য, ‘অবশ্যই, ভারতের কাছ থেকে এই সিরিজের বিষয়ে “হ্যাঁ” শোনার অপেক্ষায় করছি। সীমান্তের দুই পারের লাখো সমর্থকের মতো আমিও এই সিরিজের জন্য মুখিয়ে আছি।’
সীমান্তের এপার-ওপারে রাজনৈতিক, কূটনৈতিক সমস্যা তো সব সময়ই ছিল। দ্বিপক্ষীয় সম্পর্কে যতই বৈরিতা থাক, দুটি দেশের মধ্যে যত আনন্দের উপলক্ষ তা তো ক্রিকেটের কারণেই। ওয়াসিম তাই ক্রিকেটকেই দেখছেন পাকিস্তান-ভারতের বন্ধুতা বাড়ানোর উপায় হিসেবে, ‘সিদ্ধান্ত ভারত সরকারের ওপর নির্ভর করছে। তবে আমি মনে করি, সিরিজটি হওয়া উচিত। এতে দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার হবে।’
বন্ধুত্ব বাড়ানোর এই উপায়ের সাক্ষী তো ওয়াসিম নিজেও। ১৯৯৯ সালে চরমপন্থী দলগুলোর হুমকির মুখেও দল নিয়ে ভারত সফরে গিয়েছিলেন অধিনায়ক ওয়াসিম। দেখেছেন, কীভাবে ক্রিকেটের নির্মল বিনোদনের কাছে হার মেনে যায় যত রাজনৈতিক কলুষতা। কীভাবে সব বিভেদ ভুলে পাশাপাশি দাঁড়িয়ে গ্যালারিতে গলা ফাটায় ভারত-পাকিস্তানের সমর্থকেরা। ক্রিকেটকে তাই রাজনীতির ঊর্ধ্বেই রাখার আহ্বান জানিয়েছেন ওয়াসিম, ‘আমার মনে হয় ক্রিকেট ও রাজনীতিকে একসঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। যদি দুটি দেশই এটা করতে পারে, তাহলে ক্রিকেটকে রুখবে এমন সাধ্য কারও নেই।’
রোখাটা উচিতও হবে না। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরদিনই হয়তো অপরাধী থেকে যাবেন দুই দেশের নীতিনির্ধারকেরা। এমন নয়, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির প্রস্তাবিত এই সিরিজ হলেই ভারত-পাকিস্তানের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অন্তত ম্যাচের কিছুক্ষণ তো দুটি দেশের মানুষ সব বৈরিতা ভুলে থাকতে পারবে। এই বা কম কীসে? কে জানে, এখান থেকেই হয়তো নতুন কিছুর শুরু হয়ে যেতে পারে। তথ্যসূত্র: এএফপি।