ভারতেরই জয় দেখছেন শ্রীনাথ

তাঁর সময়ে ভারতের সঙ্গে খুব একটা পেরে ওঠেনি বাংলাদেশ। বাংলাদেশের অভিষেক টেস্টে খেলেছিলেন ভারতের হয়ে, দুটি ওয়ানডে খেলেছিলেন ১৯৯৫ ও ১৯৯৮ সালে। ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারসেরা বোলিংও বাংলাদেশের বিপক্ষেই (৫/২৩)। সেই জাভাগাল শ্রীনাথ এখন অনেক দিনই হলো আইসিসির ম্যাচ রেফারি। ভারতের একসময়ের পেস আক্রমণের নেতা যদিও এখন অন্য বাংলাদেশকে দেখছেন, বাজি তাঁর তবু ভারতের পক্ষেই।
ভারত-বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের আগে বারবারই ফিরে ফিরে আসছে ২০০৭ বিশ্বকাপ। তবে সেটির পুনরাবৃত্তি দেখছেন না ওয়ানডেতে তিন শ উইকেট নেওয়া একমাত্র ভারতীয় পেসার, ‘জানি, বাংলাদেশ বিশ্বকাপে প্রতিবার ভারতের মুখোমুখি হওয়া মানেই সবাই ফিরে যায় ২০০৭ বিশ্বকাপে। ফিরিয়ে আনে পোর্ট অব স্পেনের স্মৃতি। তবে ওই দলটার মনোবল শুরু থেকেই নানা কারণে ছিল খুব কম। ওই দলের সঙ্গে এই দলকে মেলানো ঠিক হবে না। যদিও বাংলাদেশ এই মুহূর্তে দুর্দান্ত খেলছে, কিন্তু ভারতের এই দলের পারফরম্যান্সে আমি মুগ্ধ। গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের কৌশলটা এই দল খুব ভালো রপ্ত করতে পেরেছে।’ রয়টার্স।