ভারত-আফগানিস্তান ম্যাচ থেকে যা শিখেছে বাংলাদেশ

>সাউদাম্পটনের উইকেট বাংলাদেশের বোলিংয়ের জন্য বেশি উপযোগী—এমনটাই মনে করেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তিনি মনে করেন, মাঠটি বড় হওয়ায় এখানে পুরোনো ঘরানার ক্রিকেটটা খুব দরকার হতে পারে।
সাউদাম্পটনের রোজবোল মাঠে ভারত-আফগানিস্তান ম্যাচটির কতটা প্রভাব পড়বে আজ বাংলাদেশের খেলায়? সেদিন আফগান বোলাররা যেভাবে বিশ্বসেরা ভারতীয় ব্যাটসম্যানদের নাকাল করে ছেড়েছেন, তাতে শঙ্কা জাগাটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ কোচ স্টিভ রোডস মনে করেন, শঙ্কার কিছু নেই। সাউদাম্পটনের মাঠেই আফগানদের বিপক্ষে ম্যাচটি নিয়ে বাংলাদেশের ভয়ের কিছু নেই।
ভয়ের কিছু নেই! যে দলটি কোহলি-রোহিতদের মতো ব্যাটসম্যানদের ঠান্ডা করে রেখেছিল তাদের স্পিন বোলিং দিয়ে, তাদের সমীহও করে না বাংলাদেশ। রোডস অবশ্য আফগানদের সমীহ করার লাইনেই যাননি ব্যাখ্যা দিতে গিয়ে, ‘আফগানিস্তানের চেয়েও আমরা ভালো দল, এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমরা তাদের ভয় পাব কেন! সত্যি কথা বলতে কি, আফগানিস্তানকে সমীহ করারও কিছু নেই। এর মানে এই নয় যে তারা ভালো দল নয়। আফগানিস্তান অবশ্যই ভালো দল। তারা ক্রিকেটে দ্রুত উন্নতি করছে। তবে আমরা কিন্তু আফগানদের চেয়ে পুরোনো ও অভিজ্ঞ দল।’
সেদিন ভারতের বিপক্ষে যে উইকেটটিতে আফগানরা খেলেছিল, আজ বাংলাদেশের বিপক্ষেও সেখানেই খেলা। ব্যাপারটা স্বস্তি দিচ্ছে রোডসকে। রোডস আনন্দিত, রোজবোলের এই মাঠে বাংলাদেশ পুরোনো দিনের ক্রিকেট খেলতে পারবে বলে, ‘আমি সেদিন যা দেখলাম, এবারের বিশ্বকাপ ক্রিকেটে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, সাউদাম্পটনের উইকেট তার চেয়ে অনেকটা ধীরগতির। উইকেটে স্পিনও ধরবে কিছুটা। ওই দিন ভারতের বিপক্ষে আফগানিস্তান যে উইকেটে খেলেছে, আজ সেটিতেই খেলা হবে, সুতরাং ব্যাপারটা আমাদের জন্য ভালোই। মাঠটা বড়। সুতরাং এখানে খুব বেশি ছক্কা-টক্কা মারা যাবে না। এখানে রানিং বিটুইন দ্য উইকেট গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের খেলোয়াড়দের আশি কিংবা নব্বইয়ের দশকের ক্রিকেট খেলতে হবে।’
উইকেটে টার্ন থাকবে, তার মানে তো এই উইকেটে রশিদ খান, মুজিব-উর-রেহমান কিংবা মোহাম্মদ নবীরা ভয়ংকর হয়ে উঠতে পারেন। রোডস অবশ্য এ শঙ্কার ধারেকাছ দিয়েও যাননি। তিনি মনে করেন, সাউদাম্পটনের রোজবোলের উইকেট বরং বাংলাদেশের বোলিং-শক্তির সঙ্গেই বেশি সামঞ্জস্যপূর্ণ, ‘রোজবোলের উইকেট আমাদের কয়েকজন বোলারের বোলিংয়ের জন্য খুব উপযোগী। এ ম্যাচে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েই আছি।’