ভারত-ইলিশ-বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে রসিকতায় মেতে উঠলেন ভারতের দুই অধিনায়ক কোহলি ও ধোনি l প্রথম আলো
অনুশীলনে রসিকতায় মেতে উঠলেন ভারতের দুই অধিনায়ক কোহলি ও ধোনি l প্রথম আলো

কলকাতার মানুষ, বাংলাদেশের সঙ্গে যোগসূত্র থাকাটাই স্বাভাবিক। ২০০২ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল দল নিয়ে একবার ঘুরে গেছেন। ভারতীয় দলের ম্যানেজার বিশ্বরূপ দের তাই শুধু বাংলাদেশের ভাষাটাই চেনা নয়, ধারণা রাখেন এ দেশের রূপ-রস সম্পর্কেও।
বাংলাদেশ সফরে অবশ্যম্ভাবীভাবেই তিনি ভারতীয় দলের ম্যানেজার কাম গাইড। কোথায় ঘুরতে যাওয়া উচিত, কোন খাবারটা চেখে দেখা উচিত—সব ধরনের পরামর্শ দল তাঁর কাছ থেকেই পাচ্ছে। গত পরশু যেমন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী এবং কোচিং স্টাফের সদস্যরা ঘুরে এলেন বঙ্গবন্ধু জাদুঘর। কাল একাডেমি মাঠে বসে দলের অনুশীলন দেখতে দেখতে আড্ডায় বিশ্বরূপ দে জানালেন, বাকি দিনগুলোতে আরও কিছু জায়গা ঘুরে দেখার পরিকল্পনা আছে তাঁদের।
তাঁর চাপাচাপিতেই ভারতীয় দলের খাবার মেন্যুতে মুরগির মাংসের পাশাপাশি ঢুকে পড়ছে মাছও। না, শুধু ইলিশ নয়। ভেটকি আর রুইও আছে। সামনে নাকি মেন্যুতে আসছে পাবদাও। বিশ্বরূপ দেকে তো রীতিমতো এখানকার পাবদার ভক্তই বলা যায়, ‘পাবদা আমাদের দেশেও পাওয়া যায়। কিন্তু এখানে ওটা ভালো রান্না হয়। খেতে অনেক বেশি স্বাদ।’
ইলিশ অবশ্য অনেককে সমস্যায়ও ফেলেছে। ‘মাছটায় কাঁটাটা একটু বেশি। তাই কারও কারও সমস্যা হয়েছে খেতে। নইলে ইলিশের মজাই আলাদা’—বলছিলেন বিশ্বরূপ দে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশি মাছভক্ত মনে হলো শিখর ধাওয়ানকে। কাল বিকেলে মিরপুরে অনুশীলনের ফাঁকে জানতে চাওয়া হলো ‘মাছ কেমন খাচ্ছেন?’ মুখে হাসি ছড়িয়ে ধাওয়ানের উত্তর, ‘মাছ আমার ভালোই লাগে। বিশেষ করে কলকাতার ওই মাছটা...সরষে দিয়ে রান্না করে। ওটাই বেশি মজা লাগে।’ বুঝতে অসুবিধা হলো না, বাংলাদেশের ইলিশের প্রেমে পড়ে গেছেন ভারতের এই মারকাটারি ব্যাটসম্যানও।
মাছ বিরাট কোহলিরও খুব পছন্দ বলে মনে হলো। যদিও এবার ঢাকায় এসে এখনো মাছ চেখে দেখা হয়নি। ‘এখনো মাছ খাইনি। তবে হোটেলে অন্যদের খেতে দেখলাম। মাছ আমারও প্রিয়। সামনে আশা করি খাব...সময় তো আছেই’—অনুশীলন শেষে বলছিলেন ভারতের টেস্ট অধিনায়ক। ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবশ্য মাছ একদমই পছন্দ নয়, ‘আমি মাছ খাই না। মুরগির মাংসটাই বেশি খাওয়া হচ্ছে এখানে। মাছ একদমই না।’ সুরেশ রায়নার খাবারের তালিকায় আগে মাছ-মাংস সবই থাকলেও, এখন তা অতীত। জানালেন, ‘মাছ-মাংস আর খাই না। আমি পুরোপুরি নিরামিষাশী হয়ে গেছি।’
ভারত-বাংলাদেশ সম্পর্কে বহু আগে থেকেই সেতুবন্ধ হয়ে আছে পদ্মার ইলিশ। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটা জানালা খুলে দিয়েছে ক্রিকেটও। বাংলাদেশের টেস্ট মর্যাদা পেতে বিসিসিআইয়ের তখনকার ও বর্তমান প্রধান জগমোহন ডালমিয়ার বড় ভূমিকা ছিল। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশ অভিষেক টেস্টও ভারতের বিপক্ষে। তারপরও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কটাকে পূর্ণতা দিচ্ছিল না ভারতে গিয়ে বাংলাদেশ দলের টেস্ট খেলতে না পারার বেদনা। সেটি ঘুচে যাওয়ার কথা আগামী বছর আগস্টে। ঐতিহাসিক এই টেস্টটা কলকাতার ইডেন গার্ডেনে হবে বলেই শোনা যাচ্ছিল। কিন্তু বিসিসিআই প্রধানের ঘনিষ্ঠ বিশ্বরূপ দে দিলেন অন্য ধারণা, ‘মনে হয় না টেস্টটা ইডেনে হবে। এখানে যেমন এখন বৃষ্টি হচ্ছে, আগস্টে কলকাতায়ও অনেক বৃষ্টি হয়। আমার ধারণা, দক্ষিণের কোথাও হবে ম্যাচটা। ওখানে বৃষ্টি হয় নভেম্বরের দিকে।’
এরপর স্বগতোক্তির মতো বললেন, ‘বাংলাদেশের টেস্ট কলকাতাতে হলেই বোধ হয় ভালো হতো!’ ভারতে প্রথম টেস্ট খেলতে যাবে, অথচ বাংলাদেশ দল কলকাতাতে পা দেবে না, এটা মানা কঠিন যেকোনো বাঙালির পক্ষেই। দুই দেশের সম্পর্কের সেতুর ভারতীয় অংশটা যে গিয়ে নেমেছে কলকাতাতেই!