ভারত-জয়ের স্বপ্ন স্মিথের
এশিয়ার মাটিতে টানা ৯টি সিরিজে হার, সর্বশেষ ৪৮ বছরে ভারতের মাটিতে একটা মাত্র সিরিজ জয়—এই হচ্ছে অস্ট্রেলিয়া। ওদিকে প্রতিপক্ষ ভারত টানা ১৯ টেস্ট আর ছয়টি সিরিজ অপরাজিত। সর্বশেষ ১৬ মাসে ভারত নিজেদের মাটিতে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশকে। জয় করে এসেছে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজও। সামনে কী অপেক্ষা করছে, সেটা তাই ভালো করেই জানেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু জানার পরেও ভারত-জয়ের স্বপ্ন দেখতে ভয় পাচ্ছেন না একটুও!
আগের দিন ভারতে পা রেখেই আগুন জ্বালিয়ে দিয়েছেন। মুম্বাইয়ে নেমেই স্মিথের হুমকি—দরকার হলে অস্ট্রেলিয়ানরা স্লেজিং করবে। কাল অবশ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব হুংকার-টুংকার নেই। অস্ট্রেলিয়ান অধিনায়ক এবার বেশ বাস্তববাদী, ‘আমরা সবাই জানি এ সফর কতটা কঠিন হতে যাচ্ছে। আমরাও তৈরি। দলের সবাই আগামী ছয় সপ্তাহের কথা ভেবে রোমাঞ্চিত।’
গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার মাটি থেকে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া অস্ট্রেলিয়া নিজের দেশেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ২-১-এ। তারপর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়টা অবশ্য কিছুটা আত্মবিশ্বাসী করে তুলেছে স্মিথের দলকে। সেই আত্মবিশ্বাস এখানে কাজে লাগাতে চান স্মিথ, ‘সম্ভবত জেতা ম্যাচের চেয়ে হারা ম্যাচ থেকেই বেশি শিক্ষা পাওয়া যায়। সেই হিসাবে গত বছরটা আমাদের জন্য বেশ শিক্ষণীয় ছিল। আমার মনে হয়, দলটা অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছে। এ মুহূর্তে আমরা যে অবস্থায় আছি, তাতে আমি বেশ খুশি।’
আর এ কারণেই ভারত-জয়ের স্বপ্ন দেখতেও সাহস করছেন স্মিথ, ‘আমরা অনেক পরিশ্রম করেছি। এখন নিজেদের সেরাটা দিতে তৈরি। দলের সবাই জানে, যদি আমরা এখানে সেরাটা দিতে পারি, সিরিজ জিততে পারি, এটা একটা দারুণ ব্যাপার হবে। ১০-২০ বছর পর ফিরে তাকালে এটা আমাদের ক্যারিয়ারের সেরা স্মৃতিগুলোর একটা হয়ে থাকবে।’
২০১২-১৩ মৌসুমে সর্বশেষ ভারত সফরে ৪-০-তে হেরেছিল অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের সেই দলে ছিলেন স্মিথ, ওই সিরিজে দুটি টেস্টও খেলেছিলেন। এবার নিজেই অধিনায়ক। প্রায় তিন বছরে দেশকে ২০ টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। তবে ভারতের মাটিতে এবারই প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন। এটাকেও বেশ বড় চ্যালেঞ্জ মনে করেন স্মিথ, ‘এ রকম কন্ডিশনে অধিনায়কত্ব করাটা আসলেই চ্যালেঞ্জ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ এখানে। কখনো আপনাকে খুব আক্রমণাত্মক হতে হয়, কখনো রক্ষণাত্মক। আমি শ্রীলঙ্কা সফরেও অনেক কিছু শিখেছি।’
তাই বলে নিজের নেতৃত্বের দর্শন থেকে সরে আসতে চান না স্মিথ, ‘আমি চাই না, আমার দলের খেলোয়াড়দের কেউ স্বাভাবিক খেলাটা বদলে ফেলুক। আপনি যখনই অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে যাবেন, আরও বেশি সমস্যায় পড়বেন।’