ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল অনুশীলনে আমলা। রাজনৈতিক অস্থিরতায় আজকের ম্যাচ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ছবি: এএফপি।
কাল অনুশীলনে আমলা। রাজনৈতিক অস্থিরতায় আজকের ম্যাচ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ছবি: এএফপি।

গোটা রাজকোট শহরই এই মুহূর্তে যেন দুর্ভেদ্য দুর্গ। ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডের দিন সকালে গুজরাটের শহরটিতে ক্রিকেটীয় আবহের চেয়ে যুদ্ধ যুদ্ধ ভাবটাই বেশি। যুদ্ধ যুদ্ধ ভাবটা নিছক ক্রিকেটীয় আবরণে ঢাকা থাকলেও আপত্তি ছিল না। কিন্তু সেই উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দান। গুজরাটে বেশ কিছুদিন ধরে চলে আসা আন্দোলন পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে যার জন্য আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় নির্ধারিত ম্যাচটি হবে কিনা, এ নিয়ে দেখা দিয়েছে সংশয়।

কোটা সংরক্ষণ নিয়ে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে গুজরাটের সংখ্যালঘু প্যাটেল সম্প্রদায়ের টানাপোড়েনে ক্রিকেট ম্যাচের আমেজটাকেই পণ্ড হতে বসেছে। পাতিদার আনামত আন্দোলনের (পাস) নেতা হার্দিক প্যাটেল সোজাসাপ্টা ডাক দিয়েছেন প্রতিরোধের। হুমকি দিয়ে রেখেছেন, স্টেডিয়াম ঘেরাওসহ দুই দলের খেলোয়াড়দের বহনকারী টিম বাসে বাধা দেওয়ার। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে তিনি দেখছেন নিজেদের দাবি বহির্বিশ্বের কাছে তুলে ধরার মোক্ষম মাধ্যম হিসেবে।

ব্যাপারটা এই পর্যন্ত থাকলেও একটা কথা ছিল। ক্ষমতাসীন বিজেপি ব্যাপারটিকে রাজনৈতিকভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েই পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন। পাতিদার আনামতের কর্মীদের প্রতিরোধের লক্ষ্যে ম্যাচের ২০ হাজার টিকিট নাকি কিনে ফেলেছে বিজেপি।

এদিকে, ম্যাচটি শান্তিপূর্ণ ভাবে সমাধা করার ব্যাপারে সর্বশক্তিই নিয়োগ করেছে রাজ্য প্রশাসন। নিরাপত্তার লক্ষ্যে আড়াই হাজার দাঙ্গা পুলিশের পাশাপাশি থাকছে বিশেষ কমান্ডো বাহিনী। চলছে পুলিশ ও কমান্ডো বাহিনীর টহল। শুধু তা-ই নয়, আজকের ম্যাচকে নির্বিঘ্ন রাখতে স্টেডিয়ামের আশপাশের এলাকায় শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। মুম্বাই ও আহমেদাবাদ থেকেও আনা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিশেষ সদস্যদের।

গতকাল শনিবার যাবতীয় হুমকিকে মাথায় নিয়ে নিরাপত্তা বাহিনী খান্ডেহরি স্টেডিয়ামে একদফা মহড়াও দিয়ে রেখেছে। সেই মহড়ার অংশ ছিলেন নেট অনুশীলনে স্টেডিয়ামে আসা দুই দলের ক্রিকেটাররাও। আজ ম্যাচের সময় দুই দলকে স্টেডিয়ামে নিয়ে আসা হবে নিরাপত্তার চাদরে মুড়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো রাষ্ট্রপ্রধান যে ধরনের নিরাপত্তা পান, ক্রিকেটাররা সে ধরনের নিরাপত্তা নিয়েই হাজির হবেন মাঠে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা।