ভারত-পাকিস্তান দলে অন্তঃকলহ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্ত্রীর সঙ্গে ফ্লেচার। কিন্তু ‘বস’ কে? ফাইল ছবি
শাস্ত্রীর সঙ্গে ফ্লেচার। কিন্তু ‘বস’ কে? ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ভারত এখন বেশ ফুরফুরে। অস্ট্রেলিয়া কন্ডিশনে গত তিন মাসে খাবি খেতে থাকা মহেন্দ্র সিং ধোনির দল হঠাৎ পরিণত হয়েছে সুখী পরিবারে! অথচ সেই সুখী পরিবারে কিনা অন্তঃকলহ! ওদিকে শান্তি নেই পাকিস্তান দলেও।
অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচের পর কয়েকজন খেলোয়াড়ের বাজে আচরণের কারণে নাকি পদত্যাগ করেছেন পাকিস্তান ফিল্ডিং কোচ গ্রান্ট লুডেন। অবশ্য পিসিবি উড়িয়ে দিয়েছে এ খবর। পাকিস্তান দলের এক সিনিয়র খেলোয়াড় তো ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানিয়েছেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সময় যখন দলের জন্য মিডিয়া ও মানুষের সমর্থন দরকার...তখন এ ধরনের গুজব খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয়।’
ভারতের কলহটা অবশ্য খেলোয়াড় নয়, কোচ ডানকান ফ্লেচার-সংক্রান্ত। নিজেদের প্রথম ম্যাচের পর এক দিন ছুটি কাটিয়েছেন খেলোয়াড়েরা। এ সময় হোটেল লাংহামে রবি শাস্ত্রীর নেতৃত্বে দলের সাপোর্ট স্টাফদের এক আকস্মিক সভা হয়। অথচ ফ্লেচারকে নাকি সেই মিটিংয়ে ডাকাই হয়নি! ভারত দলের মিডিয়া ম্যানেজার আর এন বাবা অবশ্য নাকচই করে দিলেন খবরটা। বললেন, ‘এটা নিশ্চিত করতে পারি, এমন কিছু হয়নি। সাপোর্ট স্টাফ মিটিংয়ে ডানকানকে দূরে রাখা হয়েছিল, এ ধরনের খবরে একেবারেই সত্যতা নেই। এটি একেবারই কল্পনাপ্রসূত।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিদেশের মাটিতে ভারতের বাজে পারফরম্যান্সের কারণে ফ্লেচারের ওপর বেশ অসন্তুষ্ট বোর্ড। এর পরিপ্রেক্ষিতে দলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় শাস্ত্রীকে। কথা হলো, এখন দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কে নেন—ফ্লেচার নাকি শাস্ত্রী? এ নিয়ে কি ‘দ্বন্দ্ব’ তৈরি হচ্ছে দুজনের? নানা প্রশ্ন বাতাসে। তবে মিডিয়ার সঙ্গে ফ্লেচারের সম্পর্ক যে ভালো নয়, তা অন্তত বলা যায়। ভালো হবে কী করে? ২০১১ বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার পর থেকে নাকি ভারতীয় কোচ এ সাকল্যে তিন-চারটা সাংবাদিক সম্মেলন ছাড়া কাউকে ‘হাই-হ্যালো’ও বলেননি! সাক্ষাৎকার দূরে থাক, একটা উদ্ধৃতিও নাকি তিনি ভারতীয় মিডিয়াকে দেননি। অবশ্য বিশ্বকাপের পর ভারত-অধ্যায় শেষ হওয়ার কথা ফ্লেচারের।
ফ্লেচারের মিটিংয়ে না–থাকা নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বললেন, ‘আপনারা কি সত্যি চাচ্ছেন, এসব শিশুতোষ কৌশলের মাধ্যমে ফ্লেচারকে সরিয়ে দিতে। ফ্লাচেরর মেয়াদ শেষ হবে বিশ্বকাপের পরই। সেটা শেষ হতে মাত্র মাস দেড়েক বাকি। মনে হয় না সে তাঁর মেয়াদ বাড়াবে। একটা লোক যদি বিশ্বকাপের পর চলে যায়, তাহলে কি প্রয়োজন আছে এসব করার?’ তথ্যসূত্র: পিটিআই, ডন।