ভারত-পাকিস্তান সিরিজ শ্রীলঙ্কাতেই

শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই ‘ঘর’ বাধল পাকিস্তান। ডিসেম্বরে ভারতের সঙ্গে হোম সিরিজের জন্য ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেই বেছে নিয়েছে তারা। গত রোববার দুবাইয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণা আসবে এই মাসের শেষ দিকে, দুই দেশের সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর। তবে ‘সূত্র’কে উদ্ধৃত করে পাকিস্তানের দৈনিক পত্রিকা ডন জানিয়েছে, এই সিরিজের ভেন্যু নিয়ে আর কোনো ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দেরি হবে না।
দেরি না হলেই ভালো ক্রিকেটপ্রেমীদের জন্য। সিরিজ নিয়ে এত দিন হয়ে চলা যাবতীয় নাটকেরও পরিসমাপ্তি হয়ে যাবে এতে। গত কয়েক মাস ধরে যে একের পর এক ‘টুইস্ট’ উপহার দিয়ে আসছিল এই প্রস্তাবিত সিরিজ। প্রথমে রাজনৈতিক উত্তেজনা, তারপর ভেন্যু নিয়ে জটিলতা, সঙ্গে এক অন্যকে হুমকি-‘হচ্ছে, হবে’ করতে থাকা সিরিজটা ভেস্তেই যেতে বসেছিল। আপাতত অনিশ্চয়তা কেটেছে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের মধ্যে গতকালের সভার পর। সভায় আরও উপস্থিত ছিলেন পিসিবির নির্বাহী কমিটির প্রধান নজম শেঠি এবং ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের সভাপতি জাইলস ক্লার্ক।
গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতকে ‘হোম’ ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে এই সিরিজটি সেখানে হচ্ছে না। শেষ পর্যন্ত দুটি বিকল্প সামনে রেখেই এগোচ্ছিল আলোচনা—বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গতকাল দুই বোর্ড-প্রধানের সভায় মূল এজেন্ডা্ও ছিল সিরিজের ভেন্যু। তাতে ভোটটা গেল শ্রীলঙ্কারই ঘরে। শ্রীলঙ্কাতে সিরিজ হলেও পাকিস্তানের লাভ অবশ্য কম হচ্ছে না। ‘ডন’ জানিয়েছে, এই সিরিজ থেকে পাকিস্তানের আয় হবে প্রায় ৩ বিলিয়ন রুপি!
গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এই স্মারক অনুযায়ী, আগামী ৮ বছরের মধ্যে দুই দেশের মধ্যে মোট ৬টি দ্বিপাক্ষিক সিরিজ হবে। তবে তাতে অবশ্যই দুই দেশের সরকারের অনুমতি লাগবে।
স্মারক অনুযায়ী ২ টেস্ট, ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি নিয়ে সিরিজ হওয়ার কথা ছিল। তবে নাটকীয়তায় অনেক সময় পেরিয়ে যাওয়ায় এখন সম্ভবত শুধু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটই থাকবে ভারত-পাকিস্তান সিরিজে। তথ্যসূত্র: ডন।