ভারত-পাকিস্তান সিরিজে অনাগ্রহী শোয়েব

‘খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না’—এই আপ্তবাক্যটি শোনা যায় অনেকেরই কাছ থেকে। খেলাকে খেলার জায়গায় আর রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখার আপ্রাণ প্রয়াস তাঁদের। এই তো কিছু দিন আগেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এমন কিছু বলেছিলেন। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান কূটনৈতিক অস্থিরতার মুখে শোয়েব আকতার যে রাজনীতিকেই গুরুত্ব দেবেন, সেটা আর কে ভেবেছিল! পাকিস্তানের সাবেক এই গতি সম্রাট সোজা-সাপটাই এই মুহূর্তে ভারত-পাকিস্তান সিরিজের বিপক্ষে মত দিয়েছেন। বলেছেন, দুই দেশের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্কের সংকট চলেছে, তাতে সিরিজ আয়োজনের অনুকূল পরিবেশ নাকি পুরোপুরিই অনুপস্থিত।
চলতি বছরের ডিসেম্বরেই আরব আমিরাতে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু আকাঙ্ক্ষিত সিরিজটি অনুষ্ঠানের কথা ছিল। প্রস্তাবিত এই সিরিজে ৩ টেস্ট, ৫ ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। আট বছর পরে আবারও ভারত-পাকিস্তান দ্বৈরথের অপেক্ষায় সবাই যখন অধীর, ঠিক তখনই দুই দেশের মধ্যকার কূটনৈতিক অস্থিরতা, এই বহু-কাঙ্ক্ষিত সিরিজকে ফেলে দিয়েছে বড় ধরনের অস্থিরতার মধ্যে।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসে কিন্তু এই অস্থিরতার মধ্যে ক্রিকেট হোক, সেটা চান না, ‘এমন অবস্থা দুই দল মিলে ক্রিকেট খেলবে এটি শোভনীয় নয়, ‘ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুইটি দল হলো ভারত-পাকিস্তান। ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখতে হলে এই দুই দলের মুখোমুখি লড়াই হতেই হবে। এই দুই দেশের অসংখ্য মেধাবী ক্রিকেটার রয়েছে এবং সবাই তাদের খেলা দেখতে চায়। এত বিদ্বেষ-রেষারেষি আর রাজনীতির ঝামেলা ঘাড়ে নিয়ে ভারত কিংবা পাকিস্তান, কোনো দেশের খেলোয়াড়দেরই উচিত নয় এই সিরিজে মাঠে নামা।
শোয়েব অবশ্য জানিয়েছেন, ক্রিকেটের প্রয়োজনেই এই দুই দেশের সিরিজ মাঠে গড়ানো উচিত। কিন্তু সেটা অবশ্যই ঝামেলা-টামেলা শেষ হওয়ার পরে। তাঁর মতে, বিদ্বেষপূর্ণ এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার প্রথম ধাপ হতে পারে ক্রিকেট। সূত্র: পিটিআই।