ভারমিউলেনের ফেরা, পিটের ইতিহাস
ফিরলেন মার্ক ভারমিউলেন। ১০ বছরের নির্বাসন কাটিয়ে জিম্বাবুয়ে ব্যাটসম্যান ফিরলেন টেস্ট আঙিনায়। কাল হারারে স্পোর্টস ক্লাবে যেন পুনর্জন্ম হলো ভারমিউলেনের। প্রত্যাবর্তনের অসাধারণ গল্পই লিখেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। ভারতীয় পেসার ইরফান পাঠানের বলে মাথায় আঘাত পেয়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ভারমিউলেন ২০০৪ সালে পুড়িয়ে দিতে চেয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটের সদর দপ্তর। এটা করতে ব্যর্থ হলেও ঠিক পরের দিনই জ্বালিয়ে দিতে পেরেছিলেন জাতীয় ক্রিকেট একাডেমি। মানসিক ভারসাম্যহীন, মনোবিদের এই প্রত্যয়নেই শাস্তির হাত থেকে বেঁচে যান ভারমিউলেন।
এরপর মানসিক দিক থেকে কিছুটা সুস্থ হয়ে আবার মাঠে নেমেছেন। আরেকবার মাথায় আঘাত পেলেই জীবনাশঙ্কা, এই আশঙ্কাকে নিত্যসঙ্গী করেই খেলে গেছেন। সাহসিকতার পুরস্কার হিসেবে ২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে কিছুদিনের জন্য ফিরেছিলেনও।
এরপর আবার বছর চারেকের জন্য হারিয়ে যাওয়া ভারমিউলেন ফিরলেন কাল। প্রত্যাবর্তনটা অবশ্য স্মরণীয় হলো না। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ১৪ রানেই আউট হয়ে গেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। ভারমিউলেনের প্রত্যাবর্তন স্মরণীয় না হলেও তাঁকে এলবিডব্লু করে টেস্ট অভিষেকটা স্মরণীয় করে ফেললেন প্রোটিয়া অব স্পিনার ডেন পিট। ওই বলটাই যে ছিল টেস্ট ক্রিকেটে পিটের প্রথম বল।
১৩৭ বছর ও ২১৩৫ ম্যাচের টেস্ট ইতিহাসে প্রথম বলেই উইকেট নেওয়া বোলারের সংখ্যা পিটসহ মাত্র ১৯। ১৮৮৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার টম হোরান প্রথম উইকেট পান তাঁর প্রথম বলে। ডাবলিনে জন্মগ্রহণ করা হোরান অবশ্য গোড়াপত্তন দেখেছেন টেস্ট ক্রিকেটেরই। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্ট খেলা এই ক্রিকেটার সিডনির ওই ম্যাচেই প্রথম হাতে নিয়েছিলেন বল। প্রথম বলে উইকেট নেওয়ার পর ইনিংসে আরও দুটি উইকেট পেয়েছিলেন হোরান।
প্রথম বলে উইকেট নেওয়া দ্বিতীয় বোলার আর্থার কনিংহামও ছিলেন অস্ট্রেলিয়ান। এই বাঁহাতি পেসারের দুর্ভাগ্য, এমন একটা শুরুর পরও টেস্ট ক্রিকেটে তাঁর ম্যাচের সংখ্যা ওই ১-ই থেকে গেছে। প্রথম বলে উইকেট নেওয়াদের বেশির ভাগই অবশ্য শুরুর ঝলকটা ধরে রাখতে পারেননি।
টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়া দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান পিট। প্রথমজন লেগ স্পিনার বার্ট ভোগলার, ১৯০৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে নিজের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। ক্রিকইনফো।