অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। ১৫ সদস্যের প্রোটিয়া স্কোয়াডে থাকলেও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছিল। তাতে উতরে গেছেন অ্যারন ফাঙ্গিসো। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা গত মঙ্গলবার জানিয়েছে যে তাঁর সব অ্যাকশনই বৈধ। ফলে বাঁহাতি এই স্পিনারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে দূর হলো সব সংশয়। এই মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট খেলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন ফাঙ্গিসো। ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার হাইপারফরম্যান্স সেন্টারে তাঁর সব ডেলিভারিই অবৈধ প্রমাণিত হয়েছিল। কিন্তু এ সপ্তাহে নিরপেক্ষ এক পরীক্ষায় তাঁর সব ডেলিভারিই বৈধতার ছাড়পত্র পেয়ে গেছে। সর্বশেষ ফলাফল কতটা ভারমুক্ত করেছে ফাঙ্গিসোকে, সেটা তাঁর কথাতেই স্পষ্ট, ‘এটা একটা বড় স্বস্তি। কয়েকটা সপ্তাহ কঠিন সময় গেছে আমার।’ আজই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ভারতের উদ্দেশে রওনা দেবে। এএফপি, রয়টার্স।