ভারতের দাবি ২৫০ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাইভ লয়েড ক্ষমা চেয়েছিলেন আগেই। পরে দুঃখ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও (ডব্লুআইসিবি)। টাস্কফোর্স গঠন করেছে সমস্যা সমাধানে, আলোচনায় বসতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে। কিন্তু কিছুই মন গলাতে পারেনি বিসিসিআইয়ের। মাঝপথে সিরিজ বাতিল করার জন্য ডব্লুআইসিবির কাছে চার কোটি ২০ লাখ মার্কিন ডলার (২৫০ কোটি রুপি) ক্ষতিপূরণ চেয়েছে বিসিসিআই। ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে ভারতীয় বোর্ড।
পাঁচটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলার জন্য গত মাসে ভারত সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বেতন-ভাতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড-জাতীয় দলের খেলোয়াড় ও খেলোয়াড়দের সংগঠন—এ তিনের অন্তর্দ্বন্দ্বে চতুর্থ ওয়ানডের পরই দেশে ফিরে যায় ডোয়াইন ব্রাভোর দল। মাঝপথে এভাবে সিরিজ বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে বিসিসিআই যে কড়া পদক্ষেপ নেবে, সেটা আগেই আন্দাজ করা গিয়েছিল৷ পরশু বিসিসিআইয়ের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরনকে চিঠি দেন বিসিসিআইয়ের সচিব সঞ্জয় প্যাটেল। চার পৃষ্ঠার চিঠিতে দেখানো হয়েছে সিরিজ মাঝপথে বাতিল হওয়ায় কোন কোন খাতে কত ক্ষতি হয়েছে ভারতীয় বোর্ডের। বিসিসিআইয়ের দাবি অনুযায়ী, চার কোটি ২০ লাখ ডলারের মধ্যে শুধু টেলিভিশন সম্প্রচার স্বত্ব থেকেই পাওয়ার কথা ছিল তিন কোটি ডলার। এ ছাড়া বাকি দেড় কোটি ডলার আসত টিকিট বিক্রি এবং অন্যান্য খাত থেকে। সঞ্জয় প্যাটেল লিখেছেন, ‘বিসিসিআই শুধু আর্থিক ক্ষতিরই সম্মুখীন হয়নি, ভাবমূর্তিরও ক্ষতি হয়েছে এবং যার ফলে আমরা অনেক পৃষ্ঠপোষক হারানোর ঝুঁকিতে আছি। দীপাবলির মতো একটা বড় উৎসবের সময় এভাবে মাঝপথে সিরিজ বাতিল করাটা আমাদের জন্য চরম দুর্যোগ হয়ে এসেছে। অথচ এ রকম সময়েই আমাদের স্পন্সররা সবচেয়ে বেশি আয়ের প্রত্যাশা করেন।’
চিঠির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা-ও জানাতে বলা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে। ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হলে ভারতের আদালতে মামলা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা পিটিআইয়ের কাছে প্যাটেল জানিয়েছেন, ‘চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে বিসিসিআই যদি ডব্লুআইসিবির কাছ থেকে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব না পায়, তাহলে আমাদের আইনজীবীদের যথাযথ ভারতীয় আদালতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া আছে।’
কিন্তু বাস্তবতা হচ্ছে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এই মুহূর্তে বেশ খারাপ অবস্থা ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের। টাকা না থাকায় ক্রিকেটারদের ঠিকমতো বেতনও দিতে পারছিল না তারা। এই অবস্থায় ভারতীয় বোর্ডের দাবি মেনে ক্ষতিপূরণ দেওয়া আদৌ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে প্যাটেল বলেছেন, ‘সেটা আমার কিংবা বিসিসিআইয়ের চিন্তার বিষয় না। ডব্লুআইসিবি কীভাবে টাকাটা জোগাড় করবে সেটা তাদের ব্যাপার। টাকা ওদের দিতেই হবে, ব্যস।’ ক্রিকইনফো, পিটিআই।