ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

প্রথমে মনে হচ্ছিল পাকিস্তানের ২১৩ রান টপকে যেতে অস্ট্রেলিয়াকে খুব একটা বেগ পেতে হবে না। কিন্তু অস্ট্রেলীয় টপ অর্ডারের ব্যর্থতা পূর্বানুমানকে ভুলই প্রমাণ করতে যাচ্ছিল। ৫৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়ে পাকিস্তানি বোলাররা নিজেদের সুনামের ব্যাপারটা আবার সামনে নিয়ে আসলেন। কিন্তু ২১৩ রান নিয়ে লড়াই করার মতো বোলিং শক্তি কী সত্যিই আছে পাকিস্তানের!
ওয়াহাব রিয়াজের ওপরই ভরসা ছিল। তিনি সেই ভরসার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। ডেভিড ওয়ার্নার ও মাইকেল ক্লার্ককে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার রান তাড়ার পথটাকে বন্ধুর করে দিয়েছিলেন তিনিই। সঙ্গে ছিলেন সোহেল খান। অ্যারন ফিঞ্চকে প্রথমেই ফিরিয়ে দিয়ে পাল্টা আক্রমণের পথটা তৈরি হয়েছিল তাঁরই হাত দিয়ে।
তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন ধুঁকছে, ঠিক তখনই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখা গেল দুই ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও শেন ওয়াটসনের মধ্যে। চতুর্থ উইকেট জুটিতে নিজেদের মধ্যে গড়ে তুললেন ৮৯ রানের জুটি। স্মিথ দারুণ লড়াই লড়লেন ৬৫ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংসটি বড় হতে পারতো, কিন্তু এহসান আদিলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হলো তাঁকে। তাঁর সঙ্গী শেন ওয়াটসন অবশ্য খেলে যাচ্ছেন এখনো-অপরাজিত আছেন ৪২ রান করে। তবে এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহকে নিয়ে গেছে একটা পর্যায়ে। ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৪৯। বাকি ২৩ ওভার থেকে আর ৬৫ রান করলেই সেমিফাইনালের দেখা মিলবে অস্ট্রেলিয়ার। সূত্র: এএফপি।