ভালো হলো না ব্যাটিং অনুশীলন

৩২ জনের প্রস্তুতি ম্যাচ। চন্ডিকা হাথুরুসিংহে পারলে ব্যাটিং-বোলিং মিলিয়ে সবাইকেই খেলান। তামিম ইকবালের ‘সবুজ’ দলের হয়ে যেমন বোলিং করলেন পাঁচ স্পেশালিস্ট পেসার! সঙ্গে ছিলেন টেস্ট দলের সম্ভাব্য দুই মূল স্পিনার সাকিব ও তাইজুলও। মাঠের অনেক কিছুই বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন বাংলাদেশ কোচ। মুশফিকের ‘লাল’ দলের ইনিংস ঘোষণাও হলো মাঠের বাইরে থেকে কোচের ইশারায়। হাথুরুসিংহে খুব করে চাইছিলেন বলেই এই প্রস্তুতি ম্যাচটির আয়োজন করা হয়েছে। নানাভাবে প্রায় সবাইকে খেলিয়ে সেই প্রস্তুতি নিশ্চিত করারও চেষ্টা করেছেন বাংলাদেশ কোচ। কিন্তু বছরজুড়ে যা হয়ে আছে দুশ্চিন্তা, সেই ব্যাটিং কোচের কপালের ভাঁজ দূর করতে পারেনি কালও।
লাল দলের ইনিংস ঘোষণা যখন হলো, রান ৭ উইকেটে ২২০। শাহাদাত হোসেন প্রথম দুই ওভারেই ফেরালেন মুশফিকের ‘লাল’ দলের দুই ওপেনার লিটন ও মিঠুনকে। দুজনের কেউই খুলতে পারেননি রানের খাতা। তিনে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া সাব্বির রহমান আউট হয়েছেন থিতু হয়ে (২৯)। রান পেলেও একই দায় দেওয়া যায় মাহমুদউল্লাহ (৫৮) ও মুশফিকুর রহিমকেও (৬২)। ভালো ব্যাটিং করেছেন দুজনই, তবে এসব ম্যাচে ফিফটিতেই থামলে চলবে কেন! নাসির হোসেন প্রথম বলেই বেঁচে যান সিলি পয়েন্টে ক্যাচ দিয়ে। শুরুর বেশ কিছুক্ষণ তাঁর ব্যাটিং মনে করিয়ে দিয়েছে চলতে থাকা দুঃসময়কে। পরে সাকিবের এক ওভারে ২২ রানসহ ৬৯ বলে করেছেন ৪৯। তবে নিজেকে হারিয়ে খোঁজার ব্যাপারটা ঠিকই বোঝা গেছে। সাত নম্বরে নেমে নাঈম এই ম্যাচেও ১০ রান করতে লাগিয়েছেন ৫৪ বল। সকালে ২ উইকেট নেওয়া শাহাদাত যথারীতি সময় গড়ানোর সঙ্গে ধারহীন। শফিউল-আল আমিন-তাসকিনরা খারাপ করেননি বোলিং। শেষ বিকেলে মাঠে নেমে ৩ ওভার বোলিং করে মাশরাফি বিন মুর্তজা নিলেন মুক্তারের উইকেট।
বিকেলে ব্যাটিংয়ে নেমে সবুজ দলও হারিয়েছে উইকেট। শামসুর রহমানকে (২৫) ফিরিয়েছেন সাকলাইন সজীব। তামিম (১৬) ও মুমিনুল (২) ব্যাটিং শুরু করবেন আজ সকালে।