ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা যে ব্যাটিংটা ‘জানেন’, সেটি দেখা গিয়েছিল ডারহাম টেেস্টই। সিরিজের প্রথম তিন ইনিংসে ৩১১ রান করা সফরকারী দল সিরিজ নির্ধারণী টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিল ৪৭৫ রান। তাতে পরাজয় এড়াতে না পারলেও আত্মবিশ্বাসে প্রয়োজনীয় জ্বালানিটুকু তারা ঠিকই ভরে নিয়েছিল। সেই আত্মবিশ্বাসের ছটাই দেখা গেল কাল। সিরিজে প্রথমবারের মতো সেঞ্চুরি পেরোল শ্রীলঙ্কার ওপেনিং জুটি।
দিমুথ করুনারত্নে (৫০) ও কুশল সিলভা (৭৯*) দুজনই ফিফটি পেয়ে গেছেন দিনের খেলা শেষ হওয়ার আগে। এই দুই ওপেনারের রানে ফেরা স্বস্তি হয়ে এসেছে ধবলধোলাইয়ের শঙ্কায় থাকা শ্রীলঙ্কার জন্য। এর আগ পর্যন্ত সিরিজের আগের দুই টেস্টের চিত্রনাট্য মেনেই চলছিল লর্ডস টেস্ট। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে কারও না কারও দাঁড়িয়ে যাওয়ার রীতি মেনে এই টেস্টেও দাঁড়িয়ে গেলেন জনি বেয়ারস্টো। অপরাজিত ১৬৭ রানের ইনিংসে ইংলিশ রেকর্ড ভেঙেছেন, শ্রীলঙ্কান বোলারদের হতাশা উপহার দিয়ে ইংল্যান্ডের স্কোরকেও নিয়ে গেছেন নিরাপদ দূরত্বে।
সিরিজে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের করুণ চিত্রে একেই বেশ বড় স্কোর মনে হচ্ছিল তখন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়েই ফর্ম ফিরে পেলেন শ্রীলঙ্কান ওপেনাররা। ক্রিকইনফো।