ভালোই হলো তামিম-মুমিনুলদের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরবোর্ড বলছে মোরাতুয়ায় প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩৯১ করেছে বাংলাদেশ। কিন্তু তামিম ইকবাল ও মুমিনুল হকের নামের পাশে লেখা ‘রিটায়ার্ড-আউট’। ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলে স্বেচ্ছায় অবসরে গেছেন তামিম। মুমিনুলও স্বেচ্ছা-অবসরে গেছেন ৭৩ রান করে। উদ্দেশ্য স্পষ্ট, নিশ্চয়ই বাকিদের ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়া। তবে এতে ১৬ বছর আগের একটি জবাবও কি দেওয়া হলো! ২০০১ সালের সেপ্টেম্বরে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ২০১ রান করে মারভান আতাপাত্তু আর ১৫০ রান করে মাহেলা জয়াবর্ধনে অবসর নিয়েছিলেন।
২৬ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে তামিম ও মুমিনুলের ১৪৩ রানের জুটিতে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহটা বড়ই হয়েছে। তামিম ১৩৬ রানের ইনিংসটি খেলেছেন ১৮২ বলে। ৯টি চারের পাশাপাশি মেরেছেন ৭টি ছয়। মুমিনুল ১০৩ বলে ৭৩ রান করেছেন ১০ চারে। এই দুজনের পাশাপাশি ভালো ব্যাটিং করেছেন লিটন দাস ও মাহমুদউল্লাহও। লিটন ৫৭ রান করে অপরাজিত আছেন। মাহমুদউল্লাহ করেছেন ৪৩। সাকিব ও মুশফিক বড় ইনিংসের ভিত গড়েও আউট হয়েছেন যথাক্রমে ৩০ ও ২১ রানে। ৯ রানে আউট হন সৌম্য সরকার।
শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের সেরা বোলার ছিলেন চামিকা করুনারত্নে। ৬১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন লাহিরু সাম্বারাকুন ও লাসিথ আমবুলদেনিয়া।