ভালোই হলো ব্যাটিং অনুশীলন
এক প্রান্তে সাদা পোশাকে পেস বোলিংয়ে বাংলাদেশের ভবিষ্যৎ। আরেক প্রান্তে ভাগের ফেরে হারিয়ে যাওয়া সম্ভাবনা। সকালের বৃষ্টির পর মেঘের আড়াল থেকে উঁকি দেওয়ার সূর্যের আলোয় সকালেই দারুণ বোলিং করলেন তাসকিন আহমেদ ও মাশরাফি বিন মুর্তজা। শুরুতে সুইং-টুইংও দুজন পেলেন বেশ। তবে সেটা কেবলই সকালের মায়াবী বিভ্রান্তি। সময় যত গড়াল, দেখা গেল উইকেট বেশ মন্থর। রোদের তেজ বাড়ার পর তো ব্যাটসম্যানদের পক্ষই নিল উইকেট। তাতে বোলাররা খুব একটা সুবিধা করতে না পারলেও খারাপ হলো না ব্যাটিং অনুশীলন।
এমনিতেই ম্যাচের ধরনটা ছিল অভিনব। সাদা পোশাক, লাল বল। কিন্তু টেস্ট ম্যাচ নয়, ৬০ ওভারের ম্যাচ। তবে মেজাজ আবার টেস্ট ক্রিকেটের মতোই! মাঠের বাইরে থেকে ঠিক করে রাখা এসবকেও ছাড়িয়ে গেল মাঠের ক্রিকেটের অভিনবত্ব। এসব ম্যাচে জয়-পরাজয় এমনিতেই কোনো গুরুত্ব বহন করে না। কাল তা আরও করল না। জয়ী দল যে জয়ের পরও খেলে গেল আরও অনেকক্ষণ। বৃষ্টিতে ৫৪ ওভারে নেমে আসা ম্যাচে মুশফিকুর রহিমের লাল দল প্রথমে ব্যাট করে তুলেছিল ১৬৭। মাশরাফি বিন মুর্তজার সবুজ দল সেই রান পেরিয়ে যায় ২ উইকেট হারিয়ে। তার পরও ব্যাটিং করে গেছে তারা, শেষ বিকেলে খেলা শেষ হওয়ার আগে ৪৮ ওভারে ৩ উইকেটে করেছে ২৪৩।
দলের রানের চেয়েও বেশি দেখার ছিল ব্যক্তিগত পারফরম্যান্স। খারাপ ফর্মে থাকা আর পায়ের চোট কাটিয়ে ফেরা তামিম ইকবাল ব্যাটিংয়ে ছিলেন ভীষণ সতর্ক। তাতে সহজাত স্ট্রোকের ছটা না দেখা গেলেও রানের দেখা পেয়েছেন। ১৪০ মিনিট আর ১০২ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসটি হয়তো খানিকটা এগিয়ে দেবে চেনা তামিমকে ফিরে পাওয়ার পথে। লাল দলে তামিমের ওপেনিং সঙ্গী এনামুলকে ২ রানে বোল্ড করেছেন তাসকিন। এরপর আর একটিও উইকেট নিতে পারেননি তাসকিন-মাশরাফি-রবিউল-তাইজুল-রাজ্জাকরা। তামিম আর তিনে নেমে ৭৮ বলে ৪৩ রান করা মুমিনুল স্বেচ্ছাবসরে গেছেন সতীর্থদের সুযোগ দিতে। মুশফিক (৬৬ বলে ৩৩) ও সাব্বির রহমানও (৬৭ বলে ২৯) ব্যাট করেছেন স্বচ্ছন্দে। সবুজ দলও একটি উইকেট হারিয়েছে শুরুতেই (ইমরুল ৪)। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে স্বেচ্ছাবসরে গেছেন শামসুর রহমান ও মার্শাল আইয়ুব। লাল দলের আল আমিন, শফিউল, রুবেল, সোহাগদের ধারহীন বোলিংয়ে ৬১ বলে ৬৪ শামসুর, মার্শাল ৪০। মিঠুনও ৪০ করে রুবেলের বলে স্লিপে এনামুলের দুর্দান্ত ক্যাচের শিকার। স্বস্তির খবর, নিজের মতো ব্যাটিং করে নাসিরের রান পাওয়া (৬৯ বলে ৫৩*)।
সব মিলিয়ে নিজেদের মধ্যে হলেও ম্যাচের প্রস্তুতি খারাপ হয়নি। সবুজ দলের অধিনায়ক মাশরাফি তৃপ্ত এ কারণেই, ‘লম্বা সময় অনুশীলন করে লাভ নেই যদি ইনটেনসিটি ভালো না থাকে। শরীরী ভাষাটাই আসল। আমার মনে হয় আজকের ম্যাচে সব বিভাগে দুদলেরই ইনটেনসিটি ভালো ছিল। ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যতটা সম্ভব প্রতিযোগিতামূলক ম্যাচের মতোই হয়েছে ম্যাচ।’
আরেকটি প্রস্তুতি ম্যাচ আগামীকাল। সেটি টেস্ট মেজাজে নয়, এক দিনের ম্যাচই হবে।