ভালোদের 'মারতে'ই ভালো লাগে তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তিনজন এসে মিলে গেছেন এক বিন্দুতে। ছবি : এএফপি
এই তিনজন এসে মিলে গেছেন এক বিন্দুতে। ছবি : এএফপি

টেস্টে সেঞ্চুরিও অনেক সময় যথেষ্ট হয়ে ওঠে না। আরও বড় ইনিংস খেলতে হয় দলের জন্য। বোলারদেরও তাই দিতে হয় কঠিন পরীক্ষা। ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নিলেও তারা হাল ছাড়েন না। এটা বড় মাপের টেস্ট বোলার হওয়ার অন্যতম শর্ত। আর এ শর্ত পূরণ করে ঠিক কত বড় হওয়া যায়?

মুত্তিয়া মুরালিধরন। শিখরের নাম।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি (৮০০)। লঙ্কান এ কিংবদন্তি একটি কারণে বাকিদের চেয়ে আলাদা। যে মাপের ব্যাটসম্যানই উইকেটে থাক, আক্রমণে কখনো পিছপা হননি। ‌'সেট' ব্যাটসম্যানকেও বল করে গেছেন সিলি পয়েন্ট, শর্ট লেগে ফিল্ডার রেখে। সঙ্গে ইয়া বড় বড় বাঁকের ফাঁকে 'দুসরা'র জাল। সেঞ্চুরি তুলে উইকেটে জাঁকিয়ে বসা ব্যাটসম্যানদেরও তাই ভুল হতো।

মুরালির বিপক্ষেই ভুলটা বেশি হয়েছে। পরিসংখ্যান অন্তত তাই বলছে। টেস্ট ইতিহাসে সেঞ্চুরি তুলে নেওয়ার পর মুরালিধরনের কাছে আউট হয়েছেন সবচেয়ে বেশি ব্যাটসম্যান। এটি আবার টেস্টে এক সময় সবচেয়ে বেশি সেঞ্চুরিসংখ্যাও, সুনীল গাভাস্কারের। ঠিক ধরেছেন। সেঞ্চুরি তুলে নেওয়ার পর ৩৪ ব্যাটসম্যানকে আউট করেছেন লঙ্কান স্পিন কিংবদন্তি।

ভালোদের সবচেয়ে বেশিবার আউট করতে না হয় সবচেয়ে ভালোই লাগে, কিন্তু তারপর? মুরালির পরের নামটা চমকে দেবে। টেস্টে ভারতকে স্মরণীয় কিছু জয় এনে দিয়েছেন তিনি। মুরালির মতোই অফ স্পিনার। কিন্তু চার বছর ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে। নেই টেস্টে শীর্ষ দশ উইকেটশিকারির তালিকাতেও। তিনি হরভজন সিং।

২৮ ব্যাটসম্যান সেঞ্চুরি করে আউট হয়েছেন হরভজনের কাছে। তাঁকে ছাপিয়ে যাওয়ার সুযোগ আছে এমন একজনের যিনি এ মুহূর্তে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি। ইংলিশ পেস বোলার জেমস অ্যান্ডারসন। ২৬ সেঞ্চুরি তুলে নেওয়া ব্যাটসম্যানকে ফিরিয়েছেন এই ইংলিশ পেসার। পরের দুজন ভারতীয় কিংবদন্তি। লেগ স্পিনার অনিল কুম্বলে (২৫) ও পেসার জহির খান (২৪)।

সেঞ্চুরির কথা তো হলো, যদি বলা হয় ব্যাটসম্যানেরা সবচেয়ে বেশি ‌‌‌'ডাক' মেরেছেন কার কাছে? এখানেও সেই ভালোদেরই দাপট। ১০৪ বার ব্যাটসম্যানকে ডাক মারতে বাধ্য করেছেন গ্লেন ম্যাকগ্রা। মুরালিধরন ও শেন ওয়ার্ন সমান ১০২ বার করে।

এই তিন সাবেক বোলার কিন্তু প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানের বিপক্ষেই বেশি আক্রমণাত্মক ছিলেন। যে কোনো ব্যাটিং লাইনআপকে পরীক্ষা দিতে হতো তাদের বিপক্ষে। অর্থাৎ সেই এক কথাই, ভালোদের ‌'মারতে'ই তাদের ভালো লাগে।