ভালোবাসা দিবসে 'ঝগড়া' মিটিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পুরো শক্তির দল নিয়েই আসছে এবারের আসরে। ফাইল ছবি
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা পুরো শক্তির দল নিয়েই আসছে এবারের আসরে। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সংকটটা কি তাহলে কাটতে শুরু করেছে? বিশ্বকাপের দলে যোগ দেওয়ার জন্য ক্রিকেটারদের গত কাল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। এর মধ্যে নতুন চুক্তিতে সই না করলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সারির দল পাঠানো হবে বলেও বোর্ড প্রচ্ছন্ন একটা হুমকি দিয়ে রেখেছিল।
গতকাল ভালোবাসা দিবসে বড় ধরনের কোনো বিবাদে জড়াল না বোর্ড ও খেলোয়াড়েরা। আপাতত সংকট কেটে গেছে বলেই মনে হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১৫ জনের মধ্যে ১২ জনই চুক্তিতে সই করেছেন। তার মানে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজ দলই দেখা যাবে।
বেতন ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ক্যারিবীয় ক্রিকেটারদের চাপান-উতোর নতুন নয়। নতুন নয় বিদ্রোহও। সিরিজ বয়কট। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে নিজ মাটিতে পূর্ণশক্তির দল গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে ভারত সফর অসমাপ্ত রেখেই চলে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। এবারও নতুন সংকট দেখা দেয় বিশ্বকাপের আগমুহূর্তে খেলোয়াড়েরা কিছু দাবিদাওয়া তুলে ধরে তা পূরণ না হওয়া পর্যন্ত চুক্তি করতে অস্বীকৃতি জানালে।
দলের ক্রিকেটারদের দাবি, বোর্ডের প্রস্তাবিত চুক্তিতে টাকার অঙ্ক আগের বিশ্বকাপের চেয়েও কম। কিন্তু বোর্ড দাবি করেছিল, তারা ওয়েস্ট ইন্ডিজের পেশাদার ক্রিকেটারদের সংগঠন ডব্লুআইপিএর সঙ্গে কথা বলেই চুক্তিটা ঠিক করেছে। আর স্যামি-গেইলদের মতো শীর্ষ ক্রিকেটারদের দাবি, ডব্লুআইপিএর প্রস্তাবে সব ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষিত হয়নি।

আপাতত ত্রিমুখী এই সংকট কেটেছে। ‘আপাতত’ বলতে হচ্ছে, কারণ স্যামি জানিয়ে রেখেছেন, বিশ্বকাপের পর চুক্তি নিয়ে নতুন করে চিন্তা করবেন তাঁরা। এর মধ্যে আবার ড্যারেন ব্রাভো কাল দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। চুক্তি সংক্রান্ত কারণে নয়, ব্রাভো বলেছেন দীর্ঘ মেয়াদের ক্রিকেটে মনযোগ দেওয়ার জন্যই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না। এর বদলে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট খেলাই শ্রেয় ভাবছেন।
ব্রাভোর আগে সুনীল নারাইন ও কাইরন পোলার্ডও দল থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। বোলিং অ্যাকশন শুধরে নিতে আরও সময় দরকার—নারাইন এই কারণই দেখিয়েছেন। আর হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি পোলার্ড। তথ্যসূত্র: ক্রিকইনফো।