ভালো একটা দলের কাছে হেরেছি: পিসিবি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার খান। ফাইল ছবি
শাহরিয়ার খান। ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের যে পারফরম্যান্স, বিরাট ঝাঁকিই খেয়েছে দেশটির ক্রিকেট। সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের ক্রিকেট নাকি সবচেয়ে সংকটময় সময় পার করছে! দলের খেলা দেখতে এবার সশরীরে চলে এলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। দুপুর বারোটার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন। এরপর এলেন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
দিনের খেলা শেষে এলেন সাংবাদিকদের সামনে। কদিন ধরেই শোনা যাচ্ছে, পাকিস্তান দলের এমন ব্যর্থতায় দলের অনেকের কপাল পুড়তে পারে। বিশেষ করে কোচিং স্টাফে পরিবর্তন আসার আভাসই মিলছে। সে কারণেই নাকি পিসিবি সভাপতির বাংলাদেশে আগমণ! শাহরিয়ার খান গুজব উড়িয়েই দিলেন, ‘আগেও বলেছি কাউকে বিদায় করা হবে না। আমি থাকতে এমনটা হবে না। গুজব ছড়িয়েছে, আমি এখানে এসেছি কিছু ব্যক্তিকে সরিয়ে দিতে। এটা সত্যি নয়। আমরা সবাইকে বহাল রাখতে চাই।’
এর পরই বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন পিসিবি চেয়ারম্যান, ‘ভালো একটা দলের কাছে আমরা হেরেছি, বাজেভাবে হেরেছি। এ দলটা সামনে খেলতে যাচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারা দারুণ করছে। দলটা কতটা দুরন্ত, প্রথম টেস্টেই দেখিয়েছে। প্রায় ৩০০ রানের লিড সামলেছে। দ্রুত খেলেছে, ওভারপ্রতি চার করে তুলেছে। এক কথায় অসাধারণ। মনে হয় না, ক্রিকেট ইতিহাসে শেষ ইনিংসে এমন ঘুরে দাঁড়ানোর নজির খুব একটা আছে।’

২০১৯ বিশ্বকাপ হবে ১০ দলের। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল খেলবে সরাসরি। এখনই বিষয়টির সুরাহা না হলেও বর্তমান র‌্যাঙ্কিংটা বাংলাদেশের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক। কদিন আগেই পাকিস্তানকে নয়ে ঠেলে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আটে। এ ব্যাপারে বাংলাদেশকে সাধুবাদ জানালেও আরেকটি বাস্তবতা মনে করিয়ে দিলেন পিসিবি প্রধান, ‘আমরা চেষ্টা করব এটি পুষিয়ে নিতে। সামনে আমাদের খেলতে হবে জিম্বাবুয়ে, ইংল্যান্ডের বিপক্ষে। কিছু সিরিজ আছে পরের কয়েকটি মাসে। আর বাংলাদেশকে খেলতে হবে বেশি কিছু শক্তিশালী দলের বিপক্ষে। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলতে হবে। কাজেই বাংলাদেশের জন্য কাজটা কিছুটা কঠিনই।’
তবে সাম্প্রতিক অভিজ্ঞতাটা টাটকা আছে বলেই কিনা শেষে যোগ করলেন, ‘তারা পারবে। কেননা, তাদের দারুণ উন্নতি হয়েছে।’