ভালো শুরু বাংলাদেশের
বলা হচ্ছিল ব্যাটিং স্বর্গ। কিন্তু কাল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা শুরুর ১২ ওভার পর্যন্ত ওয়ার্নার পার্কের স্কোরবোর্ড দেখে অন্তত সেটা বোঝার উপায় ছিল না। ফ্লাট উইকেটই মনে হচ্ছিল, তার পরও মাত্র ১২ রানের মধ্যেই যে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ল্যান্ডল সিমন্স ও ক্রিস গেইলকে বিদায় করে দিলেন মাশরাফি বিন মুর্তজা ও আল আমিন!
ইনিংসের চতুর্থ ওভারে শুরুটা করেন মাশরাফি। ইনিংসের দ্বিতীয় বলেই তাঁকে বাউন্ডারি মেরে শুরু করা সিমন্স এবার গেলেন ডাউন দ্য উইকেটে। কিন্তু বাউন্ডারি নয়, মিড অফে সহজ ক্যাচ হয়ে গেলেন মাহমুদউল্লাহর। পরের ওভারেই আল আমিনের আঘাত এবং তাতে জালে আটকে গেল অনেক বড় শিকার—ক্রিস গেইল। ব্যাটের কানায় বল লাগিয়ে কট বিহাইন্ড।
বিদায় নিতে পারতেন ড্যারেন ব্রাভোও। কিন্তু আবদুর রাজ্জাকের বলে তাঁকে স্টাম্পিং করার সহজ সুযোগটি হাতছাড়া করেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১০ ওভারে ওই ২ উইকেট হারিয়েই ৩০ রান। আর এই প্রতিবেদন লেখার সময় রানটা ১৪ ওভারে ২ উইকেটেই ৫৪। দীনেশ রামদিন ১৮ ও ডোয়াইন ব্রাভো ২৩ রান নিয়ে খেলছিলেন।