ভালো স্ট্রাইকারের অভাবেই হারল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর খেলোয়াড়দের এই চেহারাই বলে দিচ্ছে ম্যাচে কী হয়েছে। ছবি: প্রথম আলো
আবাহনীর খেলোয়াড়দের এই চেহারাই বলে দিচ্ছে ম্যাচে কী হয়েছে। ছবি: প্রথম আলো

আবাহনী ভালো খেলেছে। আক্রমণের পর আক্রমণ করছে মাজিয়ার সীমানায়। গোলের সুযোগও তৈরি করছে। কিন্তু গোল করতে পারেনি। উল্টো বলার মতো দুটি সুযোগ পেয়েই আবাহনীর রক্ষণ দুর্বলতাকে পুরোপুরি কাজে লাগিয়ে ম্যাচটা ২-০ গোলে জিতে নিয়েছে মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাবটি।

এএফসি কাপে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী হেরেছে একজন দক্ষ স্কোরারের অভাবেই। ভালো একজন স্ট্রাইকার বাংলাদেশের ফুটবলেই এখন যেন বিরল। আজ আবাহনীর খেলা দেখে সেটিই নতুন করে সামনে এল। ম্যাচের ৫ মিনিটে মোহাম্মদ উমাইরের গোলে এগিয়ে যায়। ৮৬ মিনিটে আবদুল্লাহ আসাদউল্লাহর গোলে জয় নিশ্চিত করে মাজিয়া।
প্রথম গোলটি আবাহনী হজম করে রক্ষণের ভুলেই। বক্সের বাইরে থেকে বাড়ানো বল ধরে গোলরক্ষক শহীদুল আলম সোহেলের বাঁ পাশ দিয়ে গোলে ঠেলেন মোহাম্মদ উমাইর। আবাহনীর ডিফেন্ডাররা এ সময় কেবল তাকিয়ে দেখেছেন গোল খাওয়ার দৃশ্য! ইয়াসিন, রায়হান, ওয়ালি, মামুন মিয়ারা বুঝতেই পারেননি কতটা দ্রুত জায়গা করে নিয়েছিলেন উমাইর।
গোল খেয়ে কিছুটা গা ঝাড়া দিয়ে ওঠে আবাহনী। উইংয়ে রুবেল মিয়া বেশ কয়েকবার মাজিয়ার রক্ষণে কাঁপন ধরান। তবে সেই আক্রমণগুলোর একটি থেকেও পরিষ্কার কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ওয়লেসের ফরোয়ার্ড জোনাথন, এমেকা ডার্লিংটন কিংবা রক্ষণ থেকে উঠে এসে মামুন মিয়া বেশ কয়েকটি শট নিলেও তা মাজিয়ার গোলরক্ষক মাতিয়াস পাভেলের পরীক্ষা নিতে পারেনি।
প্রথমার্ধে আবাহনী প্রায় একচেটিয়াই খেলেছে, কিন্তু আক্রমণগুলো মাজিয়ার রক্ষণে গিয়ে বারবারই খেই হারিয়েছে। জোনাথন-এমেকারা নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারেননি। দ্বিতীয়ার্ধে নাবিব নেওয়াজ জীবনকে নামিয়ে আক্রমণের শক্তি বাড়িয়েছিল আবাহনী। আক্রমণের ধারও বেড়েছিল এতে। তবে সেই পুরোনো সমস্যাতেই খাবি খেয়েছে সব আক্রমণ। প্রতিটি ক্রস কিংবা কর্নার আশ্রয় খুঁজে নিয়েছে মাজিয়ার গোলরক্ষক পাভেলের গ্রিপে। ক্রসবারের এদিক-সেদিক দিয়েও গেছে অনেকগুলো প্রচেষ্টা।
গোল শোধে মরিয়া আবাহনী অলআউট আক্রমণেই উঠেছে বারবার। এ কারণেই হয়তো রক্ষণে বারবার তৈরি হয়েছে ফাঁক। মামুন মিয়াকে উঠিয়ে নেওয়ায় প্রতিপক্ষের পায়ে ঝাঁপিয়ে বল কেড়ে নেওয়ার খেলোয়াড়েরও অভাব ছিল। ইয়াসিন একবার খুবই বিপজ্জনক জায়গায় বল হারিয়েছিলেন। তবে গোলরক্ষক সোহেলের দৃঢ়তায় সে যাত্রা বেঁচে যায় আবাহনী। ৮৬ মিনিটে আর বাঁচতে পারেনি। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে মালদ্বীপের চ্যাম্পিয়ন দলের জয় নিশ্চিত করেন আবদুল্লাহ আসাদউল্লাহ। গত সেপ্টেম্বরে মালেতে এই আসাদউল্লাহই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে।
১৯৮৫ সালে কলম্বোতে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়াকে ৭ গোলে হারিয়েছিল আবাহনী। সেই ভ্যালেন্সিয়াই ১৯৯৩ সালে মোহামেডানের কাছে হেরেছিল ৮-০ গোলে। গত মাসে চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে মালদ্বীপের টিসি এফসির কাছে হেরেছিল আবাহনী। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার মালদ্বীপেরই আরও একটি দলের কাছে হেরে বাংলাদেশের চ্যাম্পিয়নরা যেন দুই দেশের বর্তমান ফুটবল মানের তারতম্যটাই নতুন করে সবাইকে দেখিয়ে দিল।