ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের নায়ক মাদজিভা।
ম্যাচের নায়ক মাদজিভা।

হারতে হারতে তারা ক্লান্ত। গতবার সফরে এসে জেতা হয়নি একটি ম্যাচও। না টেস্ট, না ওয়ানডে। সেবার টানা আট ম্যাচে হার। এই সফরেও যে জয়ের দেখা পাবে, ম্যাচ শেষের আধ ঘণ্টা আগেও মনে হচ্ছিল না। শেষ পর্যন্ত ছিল অনিশ্চয়তার দোলাচল। দুই বলে ছয় লাগে—কঠিন সমীকরণ তো অবশ্যই। কিন্তু শেষ ওভারে ১৮ দরকার, এই কঠিন সমীকরণটাই অনেক সহজ করে এনেছেন যিনি, সেই নেভিল মাদজিভা নিজের ওপর বিশ্বাস হারাননি।
চোখ বন্ধ করে নয়, চোখ খুলেই ছক্কা হাঁকিয়েছেন। আর সেই ছক্কাতেই প্রায় আড়াই বছর পর আর ১৩ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে জয় দেখল জিম্বাবুয়ে। সর্বশেষ টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ, বুলাওয়েতে। আবারও আরেকটি টি-টোয়েন্টিতে হার। আগামী বছরের শুরুতে টেস্ট সফরে আসার সময় আত্মবিশ্বাসটা অতটা নতজানু থাকবে না তাদের।
ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে ছোট সংস্ক​রণের ক্রিকেটেই সব মিলিয়ে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। মাদজিভা আজ এক ওভারেই হাঁকালেন দুটো। বিপদ হয়ে দেখা দেওয়া ওয়ালারকে ফিরিয়ে যে ওভারটি শুরু করেছিলেন নাসির, তার পরের চার বলে মাদজিভা তুললেন ১৮!
ম্যাচ শেষে উত্তেজনায় গলা কাঁপছিল তাঁর। বললেন, ‘এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এত খুশি। নিজেকে শুধু এই কথাই বলেছিলাম, চোখ খোলা রাখব, বলটা শেষ পর্যন্ত দেখব, তার পর ব্যাট চালাব। আমার​ বিশ্বাস ছিল আমি পারব, বিশ্বাস ছিল ম্যাচটাও আমরা জিতব। ম্যালকম (ওয়ালার) আমাকে শুধু একটা কথাই বলছিল, বলে চোখ রাখো। আমি সেটাই করেছি।’

মুস্তাফিজের বলে খুবই ভুগছিলেন। নয় বল খেলে নিতে পেরেছিলেন মাত্র এক রান। কিন্তু তাতেও আত্মবিশ্বাস টলে যায়নি। দেশের জন্য কিছু একটা করতে চাওয়ার প্রেরণাই জয়ের নায়ক বানিয়ে দিল তবে আজ বল হাতেও দুই উইকেট নেওয়া মাদজিভাকে, ‘মুস্তাফিজের স্লোয়ারগুলো বুঝতে পারছিলাম না। নিজেকে বলছিলাম, দেশের জন্য এই ম্যাচটা আমি জেতাবই।’