ভিক্টোরিয়াকে আটকে দিল সিসিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটা আগের ম্যাচের। আজ এই হাসি ছিল না ভিক্টোরিয়ার ক্রিকেটারদের মুখে। ছবি: সংগৃহীত।
ছবিটা আগের ম্যাচের। আজ এই হাসি ছিল না ভিক্টোরিয়ার ক্রিকেটারদের মুখে। ছবি: সংগৃহীত।

লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে সুপার লিগের রাস্তাটা মসৃন করে তুলতে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে জয় দরকার ছিল ভিক্টোরিয়ার। সিসিএসও ছিল বেশ সহজ প্রতিপক্ষ। কিন্তু আবাহনীর মতো দল যেমন কলাবাগান ক্রিকেট একাডেমির কাছে হেরেছে, আজ ফতুল্লায় শক্তিশালী ভিক্টোরিয়াও হেরে গেল সিসিএসের কাছে। এটি লিগে সিসিএসের দ্বিতীয় জয়।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভিক্টোরিয়ার হার ৫৩ রানে। টসে জিতে প্রথমে ব্যাট করা সিসিএসের ইনিংসে অবশ্য বৃষ্টি উৎপাত করেনি। ৪৯.৪ ওভারে ২৫৯ করে ভিক্টোরিয়াকে ভালোই চ্যালেঞ্জ ছুড়েছিল তারা। সাইফ হাসানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ রান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান নিজের দ্বিতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ৭৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৭৮ রান করে তিনি চতুরাঙ্গা ডি সিলভার বলে কামরুল ইসলাম রাব্বীর হাতে ধরা পড়েন। সাইফ ছাড়াও পিনাক ঘোষের ৪১, অধিনায়ক রাজিন সালেহর ৪২ ও সালমান হোসেনের ৪১ রানে মোটামুটি লড়াকু একটা স্কোর করে সিসিএস। শেষের দিকে সাঈদ সরকার ১৭ ও নাসুম আহমেদ ১৫ রান করেন।
ভিক্টোরিয়ার সেরা বোলার ছিলেন রাব্বী ও চতুরাঙ্গা ডি সিলভা। দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট, ঘটনাচক্রে ৫৪ রানের বিনিময়ে। এ ছাড়া সোহরাওয়ার্দী শুভও ২ উইকেট নিয়েছেন, সেটিও ৫৪ রান খরচায়।
জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব খারাপ করেনি ভিক্টোরিয়া। উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলেন আবদুল মজিদ ও সোহরাওয়ার্দী শুভ। ব্যক্তিগত ১৬ রানে সোহরাওয়ার্দীকে ফিরিয়ে সিসিএসকে প্রথম ব্রেক থ্রু এনে দেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ শাওন। দলের ৫৭ রানে মজিদ ৩৯ রান তুলে আউট হন। এর পরপরই শুরু হয় ভিক্টোরিয়ার ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল। ৭২ রানে তৃতীয় উইকেট পড়ার পর চতুর্থ ও পঞ্চম উইকেট পড়ে ৭৩ রানে। দল ১০০ পেরোবার আগেই ৬ উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনাকে দূরে মিলিয়ে দেয় ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়ার স্কোর ১৭.৫ ওভারে ৯৬/৬ থাকা অবস্থায় মুষলধারে বৃষ্টি খেলা বন্ধ রাখে বেশ কিছুক্ষণ। নতুন করে খেলা শুরু হলে ভিক্টোরিয়ার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৩। বৃষ্টির পর খেলা শুরু হলে তারা নিজেদের রান ১৯৯-এর বেশি টেনে নিয়ে যেতে পারেনি। নাদিফ চৌধুরী ৫০ আর ডলার মাহমুদ ২৯ রান করেন। জুবায়ের আহমেদের ব্যাট থেকে আসে ২২।
দারুণ বোলিং করেছেন সিসিএসের সালেহ আহমেদ শাওন। ৭ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট। নাসুম নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া সাইফ হাসান, সাঈদ সরকার, রাজিন সালেহ, সালমান হোসেন নিয়েছেন একটি করে উইকেট।