ভিক্টোরিয়ানস হতেই পারছে না কুমিল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিক্টোরিয়ানস শব্দটা হঠাৎ বড় বেমানান লাগছে কুমিল্লার নামের পাশে!
অধিনায়ক হিসেবে এমন দিন কখনো আসেনি মাশরাফি বিন মুর্তজার। কালও হেরেছে তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা ৯ উইকেট হাতে রেখে যখন ম্যাচ শেষ করে দিয়েছেন, তখনো ইনিংসের বাকি ১৮ বল। টানা পঞ্চম হারে বিপিএলে এখনো জয়হীন কুমিল্লা।
কুমিল্লার ব্যাটিং দেখে ধন্দই জাগল, আগের ম্যাচটা কি এ পিচেই হয়েছে! একটু আগেই না এখানে রান-উৎসব হলো চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচে। সম্ভব নয় জেনেও তাই সন্দেহ মোচন করলেন কিউরেটর জাহিদ রেজা বাবু, ‘খেলা একই উইকেটেই হচ্ছে।’ কিন্তু আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলসের ব্যাটিং দেখে সেটা বোঝার জো ছিল না। দুজনই আউট হয়েছেন ৫২ রান করে। শেহজাদের ইনিংসটি ছিল ৪৫ বলের। আর শেষ ওভারে আউট হওয়া স্যামুয়েলস খেলেছেন ৪৬ বল।
মাশরাফি নিজেও এমন ব্যাটিংয়ের উত্তর খুঁজে পাচ্ছেন না। এ উইকেট তাঁর বিচারে ২০০ রানের পিচ, ‘আমরা লো স্কোরিং বানিয়েছি, টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করেছি। ৮ উইকেট হাতে নিয়ে আরও আক্রমণাত্মক খেলা উচিত ছিল।’
দুই ওপেনারও কম যাননি। ইমরুল কায়েসের ৫ রানের ইনিংসটি ছিল ১০ বলের। আর পাওয়ার প্লের শেষ বলে রান আউট হওয়া লিটন দাস দলকে ২১ রানে রেখে যাওয়ার আগে করেছেন ১২ বলে ৪ রান! এমন প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে ১০০ পেরোতেই ১৭.৫ ওভার লেগেছে কুমিল্লার।
উইকেটে যে আসলেই কোনো জুজু নেই, সেটা রান তাড়ায় বুঝিয়েছে রংপুর। প্রথম ওভারে একটি করে চার ও ছয় সৌম্য সরকারের। চতুর্থ ওভারে মাশরাফিকে পুল করতে গিয়ে সৌম্য আউট হওয়ার পরও কোনো ক্ষতি হয়নি রংপুরের। মোহাম্মদ মিঠুনকে নিয়ে ধীরেসুস্থেই ছোট লক্ষ্যের দিকে এগিয়েছেন মোহাম্মদ শেহজাদ। এ জন্য স্যামুয়েলসকেও ধন্যবাদ দিতে পারেন আফগান ওপেনার। অষ্টম ওভারে মাশরাফির বলে থার্ডম্যানে তাঁর তোলা সহজতম ক্যাচটি ফেলে দিয়েছেন স্যামুয়েলস। শেহজাদের রান তখন ১৪।
এ রকম সুযোগ আর দেননি শেহজাদ। মোহাম্মদ সাইফউদ্দিনকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে এসেছেন, পেয়েছেন বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১২২/৫ (লিটন ৪, ইমরুল ৫, শেহজাদ ৫২, স্যামুয়েলস ৫২, নাজমুল ৫*, তানভীর ০; সোহাগ ১/৭, আনোয়ার ১/২৮, সানি ০/১৯, রুবেল ২/২৭, আফ্রিদি ০/১৮, ডসন ০/১১, জিয়াউর ০/১১)।
রংপুর রাইডার্স: ১৭ ওভারে ১২৬/১ (শেহজাদ ৫১*, সৌম্য ২২, মিঠুন ৪৪*; নাবিল ০/২৯, আল আমিন জুনিয়র ০/১১, তানভীর ০/৭, মাশরাফি ১/২০, রশিদ ০/৩২, সাইফুদ্দিন ০/২৩)।
ফল: রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শেহজাদ।