ভিডিও রিভিউ নিয়ে শুরুতেই বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মূল উদ্দেশ্য, মানবীয় ভুলগুলো কমিয়ে আনা। সে লক্ষ্যেই অনেক দিন ধরে ফুটবল মাঠে ভিডিও রিভিউ ব্যবহারের কথা বলে আসছিল ফিফা। সম্প্রতি ক্লাব বিশ্বকাপে প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহারও শুরু হয়েছে। কিন্তু পরপর দুটি ম্যাচে ভিডিও রিভিউ ব্যবহারের পর প্রবল বিতর্কের মুখেও পড়েছে প্রযুক্তিটি। ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মডরিচের মতো খেলোয়াড়েরা এবং জিদানের মতো কিংবদন্তিও বেশ কড়া ভাষাতেই এর সমালোচনা করেছেন।

গত বুধবার ক্লাব বিশ্বকাপে কাশিমা অ্যান্টলার্স-অ্যাটলেটিকো ন্যাসিওনাল সেমিফাইনাল ম্যাচে এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি প্রথম ব্যবহার করা হয়। এতে একটি পেনাল্টিও পায় কাশিমা। পরশু অন্য সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদোর যোগ হওয়া সময়ের গোলটা সঠিক ছিল কি না, এই সিদ্ধান্তও এসেছে ভিএআর প্রযুক্তিতে। অবশ্য ভিডিও রেফারির সিদ্ধান্তটা আসতে অনেক সময় লেগেছে। মাঠেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে ছিল বিভ্রান্তি।
সব মিলিয়ে এখন পর্যন্ত খেলোয়াড়েরা খুব সন্তুষ্ট নন প্রযুক্তিটির ব্যবহারে। রিয়াল মিডফিল্ডার লুকা মডরিচ যেমন বলেছেন, ‘এটা নতুন একটা ব্যাপার। তবে সত্যি বলতে, আমার খুব একটা ভালো লাগেনি। এতে আরও বেশি বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমাদের এটা ভালো করে বুঝিয়েও দেওয়া হয়নি।’

>ফিফা ক্লাব বিশ্বকাপে ভিডিও রিভিউ প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। কিন্তু পরপর দুটি ম্যাচে ভিডিও রিভিউ ব্যবহারের পর প্রবল বিতর্কের মুখেও পড়েছে প্রযুক্তিটি

সেদিন ম্যাচ শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় রোনালদোও টেলিভিশন ক্যামেরার দিকে ভিডিও রিভিউর ইঙ্গিত করে বলে গেছেন, ‘এটা কাজ করবে না।’ পরে রিয়াল কোচ জিদানও বলেছেন, ‘যদি আমার ব্যক্তিগত মত চান, এটা খুব একটা ভালো লাগেনি আমার। খেলার ছন্দ নষ্ট হচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে আমাদের হাতে তো আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। যদি এটাই সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমাদের উচিত হবে এর সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।’
যারা এই প্রযুক্তিটির প্রস্তাব করেছিল, সেই আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএএফএবি) অবশ্য দাবি করছে, শুরুর এই বিভ্রান্তি ধীরে ধীরে কেটে যাবে। ২০১৮ বিশ্বকাপ কিংবা এরপর থেকে এটি সব ধরনের ম্যাচেই চালু করার ইচ্ছা ফিফার। এখন পর্যন্ত বিশ্বের ১২টি লিগ আগামী দুই বছর পরীক্ষামূলকভাবে ভিএআর ব্যবহারে রাজি হয়েছে বলেও দাবি করেছে ফিফা। রয়টার্স।