ভিতটা রচিত হয়েছিল বিশ্বকাপেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত সিরিজ জয়ের আনন্দে হাসলেন বাংলাদেশ অধিনায়কই। ছবি: শামসুল হক
শেষ পর্যন্ত সিরিজ জয়ের আনন্দে হাসলেন বাংলাদেশ অধিনায়কই। ছবি: শামসুল হক

ঘরের মাঠে টানা চারটি সিরিজ জয়। মাঝে বিশ্বকাপ। তার পর তিনটি বড় দলকে হারানো বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব। তবে এই গৌরবের ভিতটি বিশ্বকাপেই রচিত হয়েছিল মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
একটার পর এক বড় শিকার করছে মাশরাফির দল। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘স্বপ্ন দেখতাম একদিন বড় বড় দলকে হারাব। এখন আমরা সেটা পারছি। বিশ্বকাপে যাওয়ার আগে বলেছিলাম, সেখানে ভালো খেলতে পারলে পরে ঘুরে দাঁড়াতে পারব। সেটাই হয়েছে’।
একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়—কোন জয়টি সবচেয়ে মর্যাদাপূর্ণ? আলাদা করা কঠিন হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়কেই এগিয়ে রাখলেন অধিনায়ক। তবে সেই সঙ্গে ভারতকে হারানোও মর্যাদাপূর্ণ বলে মনে করেন মাশরাফি।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়টা খুব কঠিন ছিল। টি-টোয়েন্টি সিরিজে হারার পর প্রথম ওয়ানডেতে পরাজয়—ভাবিয়ে তুলেছিল সবাইকে। মাশরাফি জানালেন ভাবনায় ফেলেছিল খেলোয়াড়দেরও, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তিন ম্যাচ হারার পর অনুশীলনের চেয়ে জোর দিয়েছিলাম নিজেদের মধ্যে আলোচনার ওপরই।’
দক্ষিণ আফ্রিকার এই দলে ছিলেন না এবি ডি ভিলিয়ার্স। তবুও এ জয়কে ছোট করে দেখার অবকাশ নেই। কারণ, প্রোটিয়া দলে তারকার তো অভাব নে​ই। মাশরাফি তাই বললেন, ‘এবি থাকলে হয়তো অন্যরকম হলেও হতে পারত। সে না থাকাটা যেকোনো দলের জন্য স্বস্তিদায়ক। তবে আমলা, মিলাররা অনেক ভালো ব্যাটসম্যান।’
আজ ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি। একই সঙ্গে সাকিব আল হাসানও। ম্যাচ জেতায় নিজের অর্জনটিও উপভোগ্য হয়েছে মাশরাফির কাছে। তবে এক-দুজনের ওপর নির্ভর নয়, বাংলাদেশ খেলছে দল হিসেবেই। অধিনায়ক বললেন,‘ একসময় যখন কেবল সাকিব ভালো খেলতো তখন আমরা এক-দুইটা ম্যাচ জিততাম। তখন সাকিবই সেখানে ম্যাচ সেরা হতো। এখন সবাই ভালো পারফর্ম করছে। তাই ম্যাচও বেশি জিতছি।’