ভিভ রিচার্ডসও ম্যাককালামকেই বেছে নিতেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাককালামকে অভিনন্দন রিচার্ডসের। ছবিঃ ইয়াহু স্পোর্টস।
ম্যাককালামকে অভিনন্দন রিচার্ডসের। ছবিঃ ইয়াহু স্পোর্টস।

টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা প্রায় ৩০ বছর তাঁরই ছিল। ১৯৮৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করে দীর্ঘদিন এই রেকর্ডের একক মালিকানা ভোগ করেছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস। পরে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে সেই রেকর্ডে ভাগ বসান মিসবাহ-উল-হকও।

গতকাল ক্রাইস্টচার্চে ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ে পেছনে পড়ে গেলেন দুজনই।

ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পেরিয়ে যাওয়া তো যেকোনো ক্রিকেটারের জন্যই দারুণ ব্যাপার। রেকর্ড গড়ার পর ম্যাককালামও সেই উচ্ছ্বাস চেপে রাখেননি। তবে একই সঙ্গে এটাও বলেছিলেন, ‘বেড়ে ওঠার সময় তিনি আমার আদর্শ ছিলেন। তাঁর মতো একজনকে পেরিয়ে যাওয়াটা আমার জন্য একটু বিব্রতকরই। তবে আশা করছি, যদি তিনি ইনিংসটা দেখে থাকেন, উপভোগ করেছেন।’

ম্যাককালাম শুনে খুশি হবেন, কিং ভিভও তাঁর প্রশংসায় পঞ্চমুখই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে আপাতত এই ক্যারিবীয় কিংবদন্তি আছেন দুবাইতে। সেখান থেকেই শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন ম্যাককালামকে, ‘এই সুযোগে আমি ম্যাককালামকে অভিনন্দন জানাতে চাই। আমি অনেক দিন ধরেই তোমার ভক্ত। দারুণ অর্জন। আমার যা অর্জন, সেটা পেরিয়ে যাবে—এমন কাউকে বেছে নিতে হলে আমি তোমাকেই বেছে নিতাম। তুমি এই খেলাটার একজন দারুণ দূত এবং তুমি খেলাটিকে আরও সুন্দর করেছ।’

এই সুযোগে ১৯৮৬ সালে অ্যান্টিগায় নিজের ইনিংসটারও স্মৃতিচারণা করেছেন ভিভ রিচার্ডস, ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কও ছিলেন তিনি, ‘আপনি কখনো পরিকল্পনা করে এমন কিছু করতে পারবেন না। এটা পরিস্থিতির কারণে হয়ে যায়। নিজের মাঠে এমন একটা কীর্তি গড়া ছিল দারুণ ব্যাপার। ওটা এমন একটা ইনিংস, যা অনেক দিন মনে থাকবে।’

বলে কয়ে রেকর্ড না গড়লেও, এমন কিছু করতে পারবেন, এই আত্মবিশ্বাস নাকি অনেক আগে থেকেই ছিল সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের, ‘যখন আপনার ফর্ম ভালো থাকে, একটা আত্মবিশ্বাসও চলে আসে যে আমি যেকোনো কিছুই করতে পারি। আর অধিনায়ক থাকায় আমার খানিকটা সুবিধা হয়েছিল, আমি যত ইচ্ছা আক্রমণাত্মক হয়ে খেলার স্বাধীনতা দিয়েছিলাম নিজেকে।’

এসবের মধ্যে অবশ্য ভিভ ভুলে যাননি বেশ কিছুদিন দ্রুততম টেস্ট সেঞ্চুরির এই রেকর্ডে তাঁর অংশীদার হয়ে থাকা পাকিস্তানের মিসবাহ-উল-হককে, ‘মিসবাহর জন্যও এটা ছিল দারুণ অর্জন। অবশ্য এখন তো আমরা দুজনেই দুইয়ে নেমে গেছি। ব্রেন্ডন তুমি যা করেছে, তার তুলনা হয় না।’ এএফপি।