ভিভ 'মাস্তানি' করেছিলেন যেদিন

২০২০ সালের ১৫ এপ্রিল-ক্রিকেট বিশ্ব দিনটিকে কীভাবে মনে রাখবে? কোথাও কোনো খেলা নেই-এই একটা বাক্যই লেখা থাকবে ক্রিকেট ইতিহাসে। করোনাভাইরাসের করাল গ্রাসে বন্ধ থমকে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে খেলা। কিন্তু যদি প্রশ্ন করা হয় ১৫ এপ্রিল দিনটিতে কী কী ঘটেছিল ক্রিকেট বিশ্বে?
এই প্রশ্নের উত্তরে অনেক কিছুই বলা যাবে। ১৯৬৩ সালের এই দিনে ভারতে জন্ম নিয়েছিল মনোজ প্রভাকর নামের একজন অলরাউন্ডার। যিনি আবার ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হয়েছিলেন । নিউজিল্যান্ডে ১৯৫৮ সালের এই দিনে পৃথিবীর আলো দেখেছিলেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিনার জন ব্রেসওয়েল। অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক ডেভ গ্রেগরির জন্মও ১৮৪৫ সালের এই দিনে। আরও কত কী!
তবে ক্রিকেটের ইতিহাসে ১৫ এপ্রিল তারিখটি স্মরণীয় হয়ে থাকবে একজন ভয়ডরহীন ব্যাটসম্যানের ‘মাস্তানি’র জন্য! সেই ভয়ডরহীন ব্যাটসম্যানটা ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। বোলারদের বেধড়ক পেটানোর মধ্যেই যিনি আনন্দ খুঁজে পেতেন। হেলমেট পরতেন না। একবার তাঁকে হেলমেট পরেন না কেন প্রশ্ন করায় উত্তর দিয়েছিলেন, হেলমেট পরলে মাথাটা কেন যেন নুয়ে পড়তে চায়!
ফাস্ট বোলার বা স্পিনার-কারও সামনেই মাথা নোয়াতে চাইতেন না ভিভ। এমন একজনকে তো ‘মাস্তান’ ব্যাটসম্যানই বলতে হবে! ভিভের সেই মাস্তানিভরা ব্যাটিং ইংল্যান্ড দেখেছিল ১৯৮৬ সালের ১৫ এপ্রিল। সেদিন অ্যান্টিগার সেন্ট জোন্স স্টেডিয়ামে কী করেছিলেন তিনি? ইংল্যান্ডের পেসার জন এম্বুরিকে এক হাতে ছক্কা মেরেছিলেন। ইয়ান বোথামের গুড লেংথের বলে মেরেছিলেন ফ্ল্যাট ছক্কা!
৫৮ বলে সাত চার আর চারটি ছয়ে রান করেছিলেন ১১০ রান। এমন বিধ্বংসী ইনিংস খেলার পথে গড়ে ফেলেছিলেন একটি রেকর্ড। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি পেয়েছিলেন ভিভ। বলের হিসাবে টেস্ট ক্রিকেটে যেটা ছিল সেই সময়ের দ্রুততম সেঞ্চুরি। ভিভের সেই সেঞ্চুরির বর্ণনা উইজডেন ক্রিকেট মান্থলিতে দেওয়া হয়েছিল এভাবে, ‘বিশ্বের সেরা ক্রিকেটার সেরা ছন্দে।’ আরেক জায়গায় ইনিংসটির বর্ণনা ছিল এ রকম, ‘অচিন্তনীয়, অসাধারণ, জাদুকরী।’
ভিভের এই রেকর্ড অক্ষত ছিল ৩০ বছর। ৩০ বছর পর তাঁর রেকর্ডটি ভেঙেছেন নিউজিল্যান্ডের সাবেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। ড্যাশিং কিউই ব্যাটসম্যান ক্যারিয়ারের শেষ টেস্টে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৫৪ বলে। এর আগে ২০১৪ সালে আবুধাবিতে ভিভের রেকর্ড ছুঁয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক।
ভিভের মতো ভয়ডরহীন ব্যাটসম্যান এ যুগেও একজন ছিলেন। টেস্টে তেমন কিছু করতে না পারলেও ভয়ডরহীন সেই ব্যাটসম্যান পাকিস্তানের শহীদ আফ্রিদি ওয়ানডেতে কোনো বোলারকেই কখনো পরোয়া করেননি। ২০০৫ সালের এই দিনে ব্যাট হাতে ভারতের বোলারদের ওপর মাস্তানি করেছিলেন তিনি। ৪৬ বলে করেছিলেন ১০২ রান। ১০টি চারের পাশাপাশি মেরেছেন ৯টি ছয়। কানপুরে ২২১,৭৩ স্ট্রাইক রেটের ইনিংসটি খেলার পথে একটি রেকর্ডও গড়েছিলেন আফ্রিদি। ভারতের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির সেই রেকর্ড এখনো অমলিন।