ভিভও ভক্ত ম্যাককালামের

নিজের রেকর্ড অন্য কেউ ভেঙে দিয়েছে শুনলে কেমন লাগে? খুব একটা ভালো লাগার কথা নয়। সেই রেকর্ডটা যদি হয় টেস্টে দ্রুততম সেঞ্চুরির আর যদি সেটি প্রায় ৩০ বছর কারও হাতে থাকে, তাহলে তাঁর মনটা একটু বেশিই খারাপ হওয়ার কথা। কিন্তু মোটেই মন খারাপ হয়নি ভিভ রিচার্ডসের! বরং টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ব্রেন্ডন ম্যাককালামের কাছে গেছে দেখে বেশ খুশি ক্যারিবীয় কিংবদন্তি। নাকি দুঃখ মনের কোণে একটু আছে, সৌজন্যবোধ সেটি বাইরে আনছে না?
১৯৮৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। ২০১৪ সালে টেস্টের দ্রুততম সেঞ্চুরির ওই রেকর্ডটিতে ভাগ বসান পাকিস্তানের মিসবাহ-উল-হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবিতে ৫৬ বলে সেঞ্চুরি করেন মিসবাহ। পরশু ক্রাইস্টচার্চে ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ে পেছনে পড়ে গেছেন দুজনই।
ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পেরিয়ে যাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই দারুণ ব্যাপার। রেকর্ড গড়ার পর বিদায়ী কিউই অধিনায়ক উচ্ছ্বাস চেপে রাখেননি, একই সঙ্গে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন তাঁর ব্যাটিং-আদর্শকে, ‘বেড়ে ওঠার সময় তিনি (ভিভ রিচার্ডস) আমার আদর্শ ছিলেন। তাঁর মতো একজনকে পেরিয়ে যাওয়াটা আমার জন্য একটু বিব্রতকরই। তবে আশা করছি, যদি তিনি ইনিংসটা দেখে থাকেন, উপভোগ করেছেন।’
ম্যাককালাম শুনে খুশি হবেন, ‘কিং ভিভ’ও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে এই ক্যারিবীয় কিংবদন্তি এখন আছেন দুবাইতে। সেখান থেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ম্যাককালামকে, ‘এই সুযোগে আমি ম্যাককালামকে অভিনন্দন জানাতে চাই। আমি অনেক দিন ধরেই তোমার ভক্ত। দারুণ অর্জন। আমার যা অর্জন, সেটা পেরিয়ে যাবে—এমন কাউকে বেছে নিতে হলে আমি তোমাকেই বেছে নিতাম। তুমি এই খেলাটার একজন দারুণ দূত এবং তুমি খেলাটিকে আরও সুন্দর করেছ।’
এই সুযোগে ১৯৮৬ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সেই ইনিংসটার স্মৃতিচারণাও করেছেন ভিভ রিচার্ডস, ‘আপনি কখনো পরিকল্পনা করে এমন কিছু করতে পারবেন না। এটা পরিস্থিতির কারণে হয়ে যায়। নিজের মাঠে এমন একটা কীর্তি গড়া ছিল দারুণ ব্যাপার। ওটা এমন একটা ইনিংস, যা অনেক দিন মনে থাকবে।’
বলে-কয়ে রেকর্ড না গড়লেও, এমন কিছু করতে পারবেন, এই আত্মবিশ্বাস নাকি অনেক আগে থেকেই ছিল সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের, ‘যখন আপনার ফর্ম ভালো থাকে, একটা আত্মবিশ্বাসও চলে আসে যে আমি যেকোনো কিছুই করতে পারি। আর অধিনায়ক থাকায় আমার খানিকটা সুবিধা হয়েছিল, আমি যত ইচ্ছা আক্রমণাত্মক হয়ে খেলার স্বাধীনতা দিয়েছিলাম নিজেকে।’
এসবের মধ্যেও ভিভ অবশ্য ভুলে যাননি বেশ কিছুদিন দ্রুততম টেস্ট সেঞ্চুরির এই রেকর্ডে তাঁর অংশীদার হয়ে থাকা পাকিস্তানের মিসবাহ-উল-হককে, ‘মিসবাহর জন্যও এটা ছিল দারুণ অর্জন। অবশ্য এখন তো আমরা দুজনেই দুইয়ে নেমে গেছি। ব্রেন্ডন, তুমি যা করেছ, তার তুলনা হয় না!’ এএফপি।