ভিভের চোখে বিনোদনদায়ী ১০

অনেকের কাছে তিনিই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা। টেন্ডুলকার-লারাদের কাছে আদর্শ। যেকোনো ওয়ানডে দল তাঁকে ছাড়া কল্পনাও করা যায় না। সেই ভিভ রিচার্ডস আইসিসি ওয়েবসাইটে লেখা কলামে বেছে নিয়েছেন নিজের পছন্দের ১০ ওয়ানডে ব্যাটসম্যানকে
ওয়ানডে ক্রিকেটের পথচলায় কত কত ব্যাটিং-প্রতিভাকেই তো আমরা দেখেছি। তাদের আলাদা করে বেছে নেওয়া বা সঠিক ব্যাটিং অর্ডারে সাজানো খুবই কঠিন, ১০ জনকে বেছে নেওয়া তো বহুদূর! আমি তাই ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছি না। বেছে নিচ্ছি আমার চোখে শীর্ষ ১০ জনকে, পয়সা খরচ করে দেখতে চাইব যাদের ব্যাটিং।
প্রথমেই যে নামটি ভাবনায় আসছে, অবশ্যই শচীন টেন্ডুলকার। এক কথায় বর্ণনা করতে বললে বলব—কিংবদন্তি। এই সেদিন পর্যন্তও যেমন ক্রিকেটার ছিল ও, ওকে ছাড়া কোনো দল গড়া হলে সেটি হবে বিব্রতকর। শচীন সব সময়ই আমার প্রিয় ব্যাটসম্যানদের একজন। শারীরিক আকৃতিতে বড় কিছু ছিল না কিন্তু সব ভালো কিছু তো ছোট প্যাকেজেই আসে! অসাধারণ ব্যাটসম্যান ছিল শচীন।
ব্রায়ান লারাকে আামি শচীনের কাতারেই রাখি। ওর ব্যাটিং দেখতেও আমি পয়সা খরচ করতে রাজি, এবং আবার, এবং আবার..বারবার, যতবার প্রয়োজন, ততবার খরচ করতে রাজি। লারার চেয়ে সহজে গ্যাপ বের করতে বিশ্ব ক্রিকেটে আর কোনো ব্যাটসম্যানকে দেখেছি বলে মনে পড়ে না। সেটাও করত খুব দ্রুত, উইকেটে যাওয়ার পরপরই শুরু করত। ওকে যেকোনো ব্যাটিং দলেরই বাইরে রাখা মুশকিল।
আরেকজন ক্যারিবিয়ান ব্যাটসম্যানের নাম মাথায় আসছে, ক্রিস গেইল। আমি ওকে বলব বোলারদের দুঃস্বপ্ন। নিজের দিনে দারুণ বিস্ফোরক, যেকোনো পরিস্থিতি ও কন্ডিশনে ম্যাচ জেতাতে পারে একাই। ছন্দে থাকলে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করে আনতে পারে চোখের পলকে। ক্লাইভ লয়েডকেও আমি এই তালিকায় রাখব। আজকের প্রজন্ম হয়তো তাঁর ব্যাটিং দেখেনি, কিন্তু তাঁর ব্যাটিং আমার চোখে লেগে আছে। বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করতে পারা দারুণ এক অর্জন। অন্য অনেকের মতো তাঁর হয়তো গন্ডায় গন্ডায় ওয়ানডে সেঞ্চুরি নেই, কিন্তু বিশ্বকাপ ফাইনালে একটি সেঞ্চুরিও অন্য অনেক সেঞ্চুরির চেয়ে বেশি। সেটাও ক্লাইভ করেছিল দলকে নেতৃত্ব দিয়ে!
এই ভাবনাতেই চলে আসছে আরেকজন ব্যাটসম্যান, রিকি পন্টিং। বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেছে রিকিও, তবে সেটাই ওকে বেছে নেওয়ার একমাত্র কারণ নয়। রিকির একটা অসাধারণ ব্যাপার হলো, ক্রিকেট বইয়ের সব শটই খেলতে পারত, কিন্তু গ্যাপে বল পাঠিয়ে এক-দুই নেওয়ার কাজটিও পারত দারুণভাবে। চার-ছয় যখন হচ্ছে না, খুব সহজেই স্ট্রাইক বদলাতে পারত নিয়মিত। তিন নম্বর ব্যাটসম্যানের জন্য এটি বড় এক গুণ। এ ধরনের ব্যাটসম্যানকে বেঁধে রাখা মুশকিল।
পন্টিংয়ের সতীর্থ ম্যাথু হেইডেন ছিল ভীতি-জাগানিয়া এক ব্যাটসম্যান। পেশিশক্তির প্রদর্শনী আর খুনে ব্যাটিংয়ে মিডল অর্ডারদের জন্য খেলাটা দারুণভাবে তৈরি করে দিত। নিজের কাজ ঠিকঠাক করার পাশাপাশি পরের ব্যাটসম্যানের কাজটাও অর্ধেক করে দিত। আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংসের সুর গেঁথে দিত হেইডেন, সেটাও দারুণ ধারাবাহিকভাবে। টপ অর্ডারে হেইডেন ঘরানারই আরেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। ও নির্ভর করত চোখ আর হাতের সমন্বয়ের ওপর। ছন্দে থাকলে যেকোনো বিরক্তিকর আক্রমণ ধ্বংস করে দিত মুহূর্তেই। ওর ব্যাটিং দেখলে মনে হতো এর চেয়ে সহজ কাজ আর নেই। তারপর অবশ্যই মিস্টার ক্রিকেট, মাইক হাসি! প্রতি মুহূর্তেই রান করার অসাধারণ গুণ ছিল ওর। দল ভালো অবস্থায় থাকুক বা খারাপ, রান করবেই। উইকেট, কন্ডিশন, দলের অবস্থা, সব দ্রুত বুঝে নিয়ে সে অনুযায়ী খেলত। থিতু হয়ে গেলে সেটার মূল্য চুকিয়ে ছাড়ত।
এই সময়ের অলরাউন্ড এক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কখনো কখনো ওর ব্যাটিং দেখলে মনে হয়, আমি নিজেকেই দেখছি! উইকেটে সব সময়ই স্বচ্ছন্দ উপস্থিতি। ওর দারুণ সব শট শুধু আমাকে নয়, বিনোদন জোগায় বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের। ওর ব্যাটিংয়ের ধরন আমি দারুণ পছন্দ করি। এই সময়ের আরেকজন, বিরাট কোহলিকেও রাখছি আমি। অনেকেই অবাক হতে পারে ওকে বেছে নেওয়ায়। বয়সে এখনো তরুণ, আরও অনেক ক্রিকেট সামনে পড়ে আছে। কিন্তু ওয়ানডেতে বিরাট এখনই কিংবদন্তির পর্যায়ে এবং তাতে কোনো সন্দেহই নেই। এই বয়সেই ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা টেস্টের চেয়ে বেশি। ওয়ানডেতে ওর আগ্রাসী ব্যাটিং আমার ভালো লাগে। ও আরও অনেক উন্নতি করবে, ঝুলিতে আসবে আরও অনেক অনেক অর্জন।
বিনোদনদায়ী ১০
শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ক্রিস গেইল, ক্লাইভ লয়েড, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, বীরেন্দর শেবাগ, মাইক হাসি, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি।