
শম্বুকগতির ব্যাটিংয়ের জন্য তাঁর নামই হয়ে গিয়েছিল ‘টুক টুক’। ওয়ানডেতে দলের খুব প্রয়োজনে কখনো-সখনো মারমুখী হয়ে উঠেছেন বটে, তবে টেস্টে মিসবাহ-উল হককে বিধ্বংসী রূপে দেখা প্রায় বিরল ঘটনা। অনেকটা জীবনানন্দ দাশের কবিতার শিরোনামের মতো, ‘আট বছর আগে একদিন’ অথবা ‘আবার কুড়ি বছর পর...’
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের দর্শকেরা কাল সে রকমই একটা দিনের সাক্ষী হয়ে রইলেন। যেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘টুক টুক’ মিসবাহ এমন এক কীর্তি গড়েছেন, যেটা তাঁকে নিয়ে এসেছে ভিভ রিচার্ডসের পাশে। সেই রিচার্ডস, যাঁকে মনে হয় আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা। ১৯৮৫-৮৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির গড়া টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তান অধিনায়ক!
৫৬ বলের এই সেঞ্চুরিটা হয়েছে পরে। মিসবাহ অবশ্য এর আগেই সবার চক্ষু চড়কগাছ করে দিয়েছেন ২১ বলে হাফ সেঞ্চুরি করে। টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড! ২৪ বলে হাফ সেঞ্চুরি করে এর আগের রেকর্ডটা গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। কী কাকতাল, ধীরগতির ব্যাটিংয়ের জন্য মিসবাহর মতোই একটু-আধটু ‘দুর্নাম’ ছিল ক্যালিসেরও!
মিসবাহর ৫৭ বলে ১০১ রানের পাশাপাশি সেঞ্চুরি করেছেন আজহার আলীও (১০০*)। প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়াকে ফলোঅন না করিয়ে নিজেদেরই ব্যাট করতে নামার সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ করতে মিসবাহ-আজহারকে সঙ্গ দিয়েছেন ইউনিস খানও। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে টানা তিন সেঞ্চুরি করা ইউনিস কাল অবশ্য হাফ সেঞ্চুরিও পাননি, আউট হয়ে গেছেন ৪৬ রানে। সব মিলিয়ে ৩ উইকেটে ২৯৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ৬০৩ রানের লক্ষ্য ছুঁতে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে অস্ট্রেলিয়াকে। কিন্তু মাইকেল ক্লার্কের দল চতুর্থ দিন ৪৮ ওভার ব্যাট করেই হারিয়েছে ৪ উইকেট, স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ১৪৩! এমনকি অবিশ্বাস্য কিছু করে যদি টেস্টটা ড্রও করে অস্ট্রেলিয়া, পাকিস্তানই জিতে নেবে সিরিজ। ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তাই এখন শুধু সময়ের ব্যাপার। অথচ এই পাকিস্তানকেই কী দিশেহারা মনে হচ্ছিল কদিন আগেও! মাঠের বাইরে চিরাচরিত বিতর্ক তো ছিলই, মাঠের পারফরম্যান্সও বড্ড বিবর্ণ। কিন্তু সেই পাকিস্তানই অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টেস্টে ফিরল সম্পূর্ণ ভিন্ন চেহারায়। কদিন আগেও যাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই মিসবাহও ঘুরে দাঁড়ালেন কী দারুণভাবে।
ও হ্যাঁ, গতকালের বিধ্বংসী ইনিংসের জন্য অবশ্য চাইলে পিটার সিডলকে শুকনো একটা ধন্যবাদ জানাতে পারেন মিসবাহ। চার রানের মাথায় স্টিভেন স্মিথের বলে কাভারে সিডল তাঁর সহজ ক্যাচটা না ফেললে এত কিছু হতো নাকি! ক্রিকইনফো।
দ্রুততম টেস্ট সেঞ্চুরি
বল ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু সাল
৫৬ ভিভ রিচার্ডস ও. ইন্ডিজ-ইংল্যান্ড অ্যান্টিগা ১৯৮৬
৫৬ মিসবাহ-উল-হক পাকিস্তান-অস্ট্রেলিয়া আবুধাবি ২০১৪
৫৭ অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্থ ২০০৬
৬৭ জ্যাক গ্রেগরি অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা জোহানেসবার্গ ১৯২১
৬৯ শিবনারায়ণ চন্দরপল ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া জর্জটাউন ২০০৩
দ্রুততম টেস্ট ফিফটি
বল ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু সাল
২১ মিসবাহ-উল-হক পাকিস্তান-অস্ট্রেলিয়া আবুধাবি ২০১৪
২৪ জ্যাক ক্যালিস দ. আফ্রিকা-জিম্বাবুয়ে কেপটাউন ২০০৫
২৫ শেন শিলিংফোর্ড ও. ইন্ডিজ-নিউজিল্যান্ড কিংস্টন ২০১৪
২৬ শহীদ আফ্রিদি পাকিস্তান-ভারত বেঙ্গালুরু ২০০৫
২৬ মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ-ভারত ঢাকা ২০০৭
২৪
মিনিটেই ফিফটি করে সময়ের হিসাবে দ্রুততম টেস্ট ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছেন মিসবাহ। দুইয়ে নেমে গেল ২০০৭ সালে মিরপুরে ভারতের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের ২৭ মিনিটের ফিফটি।
৭৪
মিনিটে মিসবাহর সেঞ্চুরি। সময়ের হিসাবে দ্বিতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরিটি জ্যাক গ্রেগরির। ১৯২১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭০ মিনিটে সেঞ্চুরি করেছিলেন এই অস্ট্রেলীয়।
২
একই টেস্টে একই দলের দুই ব্যাটসম্যান দ্বিতীয়বারের মতো জোড়া সেঞ্চুরি পেলেন। মিসবাহ-আজহারের আগে ১৯৭৪ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ও ইয়ান চ্যাপেল ভাইদের ছিল এই কীর্তি।
১৩৮
মিসবাহ-আজহারের চতুর্থ উইকেট জুটির স্ট্রাইক রেট। ১০২ বলে ১৪১ রানের জুটিটি টেস্ট ইতিহাসের তৃতীয় দ্রুততম শতরানের জুটি।