
স্টেডিয়ামটা তাঁর নামে। অ্যান্টিগায় সেই স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্টের প্রথম দিনে তিনি নিজেও ছিলেন গ্যালারিতে। দর্শক হয়েই স্যার ভিভ রিচার্ডস দেখলেন এমন একজন ব্যাটসম্যানের দাপট, অনেকের চোখে ‘এ যুগের ভিভ’ বিরাট কোহলি।
টেস্ট শুরুর আগেই ভারতের নতুন কোচ অনিল কুম্বলে বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেটে ‘একঘেয়ে’ ক্রিকেট খেলতে হবে, ধৈর্য হারানো চলবে না। কোচের দ্বিতীয় কথাটা ফেলতে না পারলেও প্রথম কথাটা রাখতে পারলেন না কোহলি! কিসের একঘেয়ে ক্রিকেট, এ তো রীতিমতো টি-টোয়েন্টির ফর্মটাকে টেস্ট ক্রিকেটে টেনে নিয়ে আসা! আগ্রাসী ব্যাটিং করেই দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি পেলেন ভারতের টেস্ট অধিনায়ক। প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ১৯৭ বলে ১৪৩ করে, কাল মধ্যাহ্ন বিরতির আগে ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন ২৮১ বলে। অবশ্য বিরতি থেকে ফিরে দ্বিতীয় বলেই আউট শ্যানান গ্যাব্রিয়েলের বলে। তবে তাঁর দলকে ভালো একটা অবস্থানে রেখে গেছেন কোহলি। এ প্রতিবেদন লেখার সময় ভারতের রান ৬ উইকেটে ৫১২। তিন অঙ্কের রান করেছেন অশ্বিনও (১০৬*)।
কোহলির ২০০ রান বিদেশের মাটিতে কোনো ভারত অধিনায়কের প্রথম ডাবল সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংসও। এটি ভারতীয় টেস্ট অধিনায়কের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসও। তাঁর আগের সর্বোচ্চ ইনিংস ছিল ১৬৯, ২০১৪ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট ক্রিকেটে ৭৩তম ইনিংসে এসে কোহলি পেরিয়েছেন ৩ হাজার রানের মাইলফলকও।
অধিনায়কত্ব পেয়েছেন খুব বেশি দিন হয়নি, এই তো ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরেই মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ভারতের হয়ে টস করতে নেমেছিলেন। সেঞ্চুরি দিয়েই অধিনায়কত্বের অভিষেক। পরে নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে শ্রীলঙ্কা সফরেও সেঞ্চুরি। এবার হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজেও। অধিনায়ক হওয়ার পর দেশের বাইরে এ নিয়ে পাঁচটি সেঞ্চুরি করে ফেললেন কোহলি। ভারতের হয়ে দেশের বাইরে অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরি আছে শুধু মোহাম্মদ আজহারউদ্দিনের। পূর্বসূরিকে ছাড়িয়ে যাওয়াটা কোহলির জন্য এখন শুধুই সময়ের ব্যাপার। একটা জায়গায় অবশ্য এখনই কোহলি এগিয়ে। অধিনায়ক আজহারের পাঁচ সেঞ্চুরি বিদেশের মাটিতে ৪১ ইনিংসে, অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে কোহলির এটা মাত্র ১২তম ইনিংস।
আরেকটা দিক দিয়েও কোহলির সেঞ্চুরিটা ‘স্পেশাল’। ওয়েস্ট ইন্ডিজে এর আগে সেঞ্চুরির কীর্তি ছিল ভারতের দুজন অধিনায়কের। ১৯৮৩ সালে পোর্ট অব স্পেনে কপিল দেব অপরাজিত ১০০ রান করেছিলেন, সেন্ট লুসিয়ায় ২০০৬ সালে রাহুল দ্রাবিড় করেছিলেন ১৪৬।
ডাবল সেঞ্চুরি দিয়ে কোহলি ছাড়িয়ে গেছেন এ দুজনকেই। টেন ২।