ভিলাসের রোমাঞ্চ ও হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেন ভিলাস
ডেন ভিলাস

তাঁর বুকের মধ্যে বাংলাদেশ থাকবে, কিন্তু সেখানে বর্ষা থাকবে না। বাংলাদেশের বর্ষাকে চিরতরে ভুলেই থাকতে চাইবেন ডেন ভিলাস!
মিরপুর টেস্ট সাক্ষী তাঁর স্বপ্নপূরণের। কিন্তু প্রথম দিন যে রোমাঞ্চটা ছিল, পরের তিন দিনের অবিরাম বর্ষণে যে সেটা অনেকটাই উধাও। দক্ষিণ আফ্রিকার ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে, কিন্তু দলে জায়গা ধরে রাখার পুঁজিটাই তো জোগাড় করতে পারলেন না। ঢাকার বৃষ্টি তাঁকে সেই সুযোগটা দিল কই!
বৃষ্টিতে চতুর্থ দিনের খেলাও বাতিল হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে দক্ষিণ আফ্রিকান উইকেটকিপারের কণ্ঠে তাই হতাশা, ‘প্রথম দিন টেস্ট ক্যাপ পেয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। কিন্তু পরের কয়েকটা দিনের বৃষ্টি আমার জন্য খুব হতাশাজনক। অভিষেকে দুই রকম অনুভূতিই হলো।’
সব মিলিয়ে মিরপুর টেস্টে এখন পর্যন্ত ৮৮.১ ওভার খেলা হয়েছে। পুরোটা সময়ই মাঠে ছিলেন ভিলাস। উইকেটের পেছনে শুরুটা অবশ্য মন্দ হয়নি। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ক্যাচ দুটি নিয়েছেন। বাই দিয়েছেন মাত্র ৫টি। কিন্তু যাঁর বদলে দলে জায়গা পেয়েছেন সেই কুইন্টন ডি ককের সঙ্গে তাঁর তুলনা কিন্তু শুধু গ্লাভস হাতে নয়, হবে ব্যাট হাতেও। ডি কক গ্লাভস হাতে খারাপ করছিলেন না, নিষ্প্রভ হয়ে পড়েছিলেন ব্যাট হাতেই। চট্টগ্রাম টেস্টে একটা ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কোনো রান করতে পারেননি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মিলিয়ে ৪৪ রান। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ভিলাসের গড় ৪১.০। জোহানেসবার্গে জন্ম নেওয়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান টেস্ট দলে জায়গা পেয়েছিলেন সে কারণেই। কিন্তু ব্যাট হাতে কিছু করে দেখানোর সুযোগটাই পেলেন না!
আর সুযোগ না পেলে যে ডি ককের কাছে আবার জায়গা হারাতে পারেন, ভিলাস সেটা জানেন, ‘কুইন্টন অসাধারণ খেলোয়াড়। আমি নিশ্চিত, সে দলে ঢোকার জন্য দরজায় কড়া নাড়বে। সে আবার রান করবে এবং সবার ওপর চাপ তৈরি করবে।’
খেলা না হওয়ার এই হতাশাটা অবশ্য শুধু নিজের কথা ভেবে নয়, দলের কথা ভেবেও। যেটুকু খেলা হয়েছে তাতে দক্ষিণ আফ্রিকাকেই ভালো অবস্থানে দেখছেন ৩০ বছর বয়সে টেস্ট অভিষিক্ত ভিলাস। পুরো ম্যাচটা হলে সেটা ভবিষ্যতের জন্য হতো দারুণ অভিজ্ঞতা, ‘আমাদের অনেকেই “এ” দলের হয়ে ভারত সফরে যাব। এ ধরনের কন্ডিশনে খেলা, যেখানে বল টার্ন করে, সেটা ভবিষ্যতে খুব কাজে লাগত।’