ভিলিয়ার্সকে আউট করা তো খুব সোজা!

কীভাবে আটকানো যায় লিওনেল মেসিকে? অনেকেই অনেক ‘সহজ’ উপায় বাতলে দিয়েছিলেন। একবার এক কোচ তো বলেই দিয়েছিলেন, ‘ওকে আটকানো খুব সোজা। শুধু ম্যাচ চলার সময় ওকে জেলখানায় আটকে রাখতে হবে।’
প্রায় কাছাকাছি একটা কথা বলেছিলেন লেভান্তের সাবেক মিডফিল্ডার হুয়ানলু, ‘মেসিকে একটা উপায়েই আটকানো যায়, ও যদি ম্যাচটা গ্যালারিতে বসে দেখে।’ বার্সার সাবেক তারকা রিস্টো স্টয়চকভ বলেছিলেন, ‘আমার সময়ে বলা হতো, আমাকে থামাতে হলে নাকি পিস্তল দরকার। তাহলে বলতেই হচ্ছে, মেসিকে থামাতে হলে দরকার মেশিন গান।’
জেনারো গাত্তুসো অত কাব্যটাব্য করেননি। সোজাসাপ্টা স্বীকার করেছিলেন, ড্রিবলিংয়ের জাদুতে একের পর এক ডিফেন্ডারকে ছিটকে ফেলা মেসিকে আটকাতে হলে একটাই উপায় আছে—ওকে লাথি মেরে ফেলে দেওয়া! কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদে নাম লেখানো কোচ ডেভিড ময়েস বলেছিলেন, লাথি মেরে যে ফেলবেন, তাতেও কাজ হয় না। মেসি পড়তে পড়তে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। শেষমেষ পড়ে গেলেও কেবল হাসেন।
এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে লিখতে বসে মেসির এত গুণগান কিংবা গালগল্পই বা কেন? কারণ একটাই। মেসিকে আটকানোর পথ যেমন পাচ্ছেন না ফুটবল কোচরা, একই দশা ক্রিকেটেও। ডি ভিলিয়ার্স প্রতিপক্ষ কোচদের জন্য এখন একটা ভয়ানক দুশ্চিন্তার নাম।
স্বাভাবিকভাবেই আজ চণ্ডিকা হাথুরুসিংহেকেও প্রশ্নটা করা হয়েছিল। কীভাবে আটকাবেন ওয়ানডেতে ৩১ বলে সেঞ্চুরি হাঁকানো ডি ভিলিয়ার্সকে? কোনো বিশেষ পরিকল্পনা? বাংলাদেশের লঙ্কান কোচ তাঁর রসবোধের পরিচয় আরেকবার দিয়ে বললেন, ভিলিয়ার্সকে আউট করা খুব সোজা। প্রথমে বল করতে হবে, এর পর প্রার্থনা করতে হবে ও যেন আউট হয়!
এর পরই হাথুরু ‘সিরিয়াস’ হয়ে গেলেন, ‘ও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। ওর বিপক্ষে খুব বেশি পরিকল্পনা করে লাভ নেই। আমাদের নিজেদের সেরা বোলিংটা করে চেষ্টা করতে হবে ওর তাণ্ডব যতটা সম্ভব আটকানো যায়। তবে সেও তো রক্ত মাংসেরই মানুষ। আশা করি আমাদের সঙ্গে ম্যাচের দিন ও তা-ই থাকবে।’
মুডে থাকলে হাথুরুর সংবাদ সম্মেলনও সাংবাদিকদের জন্য দারুণ উপভোগ্য হয়ে ওঠে। লঙ্কান এই কোচ কখনো বুদ্ধিদীপ্ত, কখনো রসবোধে মুগ্ধ করেন। কখনো পাল্টা খোঁচাও দেন। আজ যেমন একজন জানতে চেয়েছিল, ভারতকে তো চার পেসার দিয়ে চমকে দিয়েছিলেন। এবারও নতুন কোনো চমক? হাথুরু যা বললেন, তার সারাংশ হতে পারে, ‘সারপ্রাইজ’ ব্যাপারটা গাছে ধরে না কিংবা কোনো দোকানে কিনতেও পাওয়া যায় না।
ওয়ানডেতে চার পেসার খেলানো বাংলাদেশ ভারতেরই বিপক্ষে টেস্টে খেলিয়েছিল একজন মাত্র পেসার। এ নিয়ে তোপের মুখে পড়লেও কোচ বোঝানোর চেষ্টা করেছিলেন, শক্তি তিনি জমিয়ে রাখছেন ওয়ানডের জন্য। তখন সেই উত্তর অনেকেরই পছন্দ হয়নি। কিন্তু শেষ পর্যন্ত কোচেরই পাশার দান লেগে গিয়েছিল দারুণভাবে। এবারও হাথুরু একটা ব্যাপার পরিষ্কার করে দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের সিংহভাগ মনোযোগ ওয়ানডে নিয়েই।