ভিলিয়ার্সে মুগ্ধ টেন্ডুলকার
ওয়ানডে সিরিজ তো নয়, যেন ‘যুদ্ধে’ দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হয়েছে পরাজয়। হায় হায় রব উঠে গেছে ভারতে। সুনীল গাভাস্কার থেকে শুরু করে মহিন্দর অমরনাথ, মোহাম্মদ আজহারউদ্দিন, অজিত আগারকারদের সমালোচনার তির ছুটে আসছে মহেন্দ্র সিং ধোনির দলের দিকে। বিশেষ করে ভারতের ওয়ানডে অধিনায়ককে তো ধুয়ে ফেলছেন কেউ কেউ।
ব্যতিক্রম শুধু শচীন টেন্ডুলকার। সিরিজ হারে হতাশ তিনিও। তবে সেই হারের জন্য ভারতের সমালোচনা না করে টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার কৃতিত্বকেই দেখছেন বড় করে। বিশেষ করে সিরিজ-সেরা হওয়া দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিংয়ে তো মুগ্ধ কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান।
আগামী মাসে যুক্তরাষ্ট্রে অল স্টারস টি-টোয়েন্টি সিরিজে খেলবেন টেন্ডুলকারসহ বিশ্ব ক্রিকেটের অনেক সাবেক তারকা। ওই টুর্নামেন্ট সামনে রেখেই মুম্বাইতে পরশু অনুশীলনের ফাঁকে বললেন, ‘আমি তো মনে করি, এই সিরিজে দক্ষিণ আফ্রিকা খুব ভালো ব্যাট করেছে। আমি কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি আর এবি ডি ভিলিয়ার্সদের কৃতিত্বটুকু কেড়ে নিতে পারি না। বিশেষ করে ডি ভিলিয়ার্স তো খুবই ভালো ব্যাট করেছে।’
পাঁচ ম্যাচের সিরিজে তিনটি সেঞ্চুরিসহ ৮৯.৫০ গড়ে ৩৫৮ রান করেছেন ডি ভিলিয়ার্স। এর মধ্যে শেষ ম্যাচে খেলেছেন ৬১ বলে ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস। যেটি দেখে মুগ্ধ টেন্ডুলকারও, ‘আমি একটু-আধটু খেলা দেখছিলাম। শন পোলক আমাকে বলছিল যে ডি ভিলিয়ার্স এখনো ছয় নম্বর গিয়ার থেকে সাত নম্বরে যায়নি। আসলেই সত্যি বলছিল সে। কী দারুণভাবেই না ডি ভিলিয়ার্স ইনিংসের গতি বাড়াল। আমি তো ওকে পুরো কৃতিত্ব দেব।’
এখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ককে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবেই দেখছেন টেন্ডুলকার, ‘আমার মনে হয়, সে সম্ভবত ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। ও অবিশ্বাস্য রকম ভালো ব্যাটিং করছে এবং অন্য যে কারও চেয়ে সময়ও বেশি পাচ্ছে।’ ইএসপিএন।