ভিলিয়ার্সের সেঞ্চুরি, দ. আফ্রিকা ৩০৩

কানপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই ভারতকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের এক হার না মানা সেঞ্চুরির কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়েছে প্রোটিয়ারা।
ডি ভিলিয়ার্স আবারও ভারতীয় বোলিংয়ের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। ৫৪ বলে প্রথম ফিফটি করা ভিলিয়ার্স তাঁর সেঞ্চুরি ছুঁয়েছেন পরের ১৯ বলে। ভারতের বিপক্ষে সর্বশেষ ১০টি ইনিংসের সাতটিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে ডি ভিলিয়ার্সের গড় ৬৩.৯১। কানপুরে দলের সতর্কতার মুহূর্তে ব্যাট হাতে ধোনিদের আবারও চিনিয়েছেন তিনি।
৭৩ বলে ৫টি চার আর ৬টি ছয়ের মারে সাজানো ভিলিয়ার্সের এই ইনিংসের সঙ্গে যোগ হয়েছে ফ্যাফ ডু প্লেসির ৬২ আর ফারহান বেহারডিয়েনের ৩৫। এছাড়া হাশিম আমলা করেন ৩৭, কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ২৯। ডেভিড মিলার আর জেপি ডুমিনির ব্যাট থেকে আসে যথাক্রমে ১৩ ও ১৫ রান।
সকালে কিছুটা শিশির-সিক্ত উইকেটে টসে জিতে ব্যাটিংই বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৪৫ রানের উদ্বোধনী জুটির পর ডি কক আর হাশিম আমলা আলাদা হন রবিচন্দ্রন অশ্বিনের বলে। অশ্বিনের বলে কুইন্টন ডি কক ক্যাচ দেন সুরেশ রায়নাকে। সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে যাওয়ার আগ পর্যন্ত বেশ ভালোই বল করছিলেন অশ্বিন। মাত্র ৪.৪ ওভার বল করে ১৪ রানে এক উইকেট নেওয়া অশ্বিনের চোটজনিত প্রস্থান তাই ছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য বড় এক ধাক্কাই।
অমিত মিশ্র ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন। উমেশ যাদব ২ উইকেট নিলেও বল হাতে তিনি ছিলেন অনেকটাই খরচে। প্রোটিয়ারা পুরো ইনিংসে ৬টি মাঝারি জুটি গড়েই নিজেদের সংগ্রহকে নিয়ে যায় তিনশর ওপরে।
প্রথম উইকেটে ৪৫ রানের জুটির (কক আর আমলার) পর ফ্যাফ ডু প্লেসি দ্বিতীয় উইকেটে আমলাকে নিয়ে গড়ে তোলেন ৫৯ রানের যুগল। তৃতীয় উইকেটে প্লেসি আর এবি ডি ভিলিয়ার্সের মধ্যে গড়ে ওঠে ৪৮ রানের জুটি। চতুর্থ উইকেটে ভিলিয়ার্স আর মিলার যোগ করেন ৪৫ রান। পঞ্চম উইকেটে ভিলিয়ার্স জেপি ডুমিনিকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন আরও ৪১। ষষ্ঠ উইকেট জুটি (ভিলিয়ার্স আর বেহারডিয়েনের) শেষ অবধি ৬৫ রানে অবিচ্ছিন্ন থাকে দলকে অন্য উচ্চতায় তুলেই।
এই প্রথমবারের মতো কানপুরের গ্রিনপার্কে কোনো দল তিনশর ওপর রান তুলে চ্যালেঞ্জে ফেলল ভারতকে। দেখা যাক এই চ্যালেঞ্জের জবাবটা বিরাট কোহলি-রোহিত শর্মারা কীভাবে দেন। সূত্র: এএফপি।