ভিলেজ দলের কাছেই হারল সৌম্যরা
প্রতিপক্ষ অচেনা। তাতেই স্পষ্ট, অখ্যাত খেলোয়াড়দের সমাবেশ আইরিন ভিলেজার্স দলে। তা-ই নয়, আজকের ম্যাচটা মুঠোয় পুরে নেওয়ার ইঙ্গিতও ছিল। তবুও পারলেন না সৌম্য-সাব্বিররা। ভারতের পর দক্ষিণ আফ্রিকার সফরটাও হার দিয়ে শুরু হলো বাংলাদেশ ‘এ’ দলের। প্রিটোরিয়ায় আজ আইরিন ভিলেজার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে হেরেছে শুভাগত হোমের দল।
২৭৩ রানের লক্ষ্যে খেলতে নামা ভিলেজার্সের ২৭ রানেই পড়ে গিয়েছিল ৪ উইকেট। চারটিই পেসার আল আমিনের। ভালো অবস্থানে থেকেও ম্যাচের লাগাম হাতছাড়া হয়েছে ‘এ’ দলের। শেষমেশ ২ ওভার বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে গেছে ভিলেজার্স। ‘এ’ দলের বড় সান্ত্বনা হতে পারে আল আমিনের ৫ উইকেট। ভিলেজার্সের ছয় উইকেটের পাঁচটি এ পেসারের। বাকিটা তাইজুলের।
এর আগে টসে জিতে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠায় ভিলেজার্স। রনি তালুকদারের ৬৮, আটে নামা মাহমুদুল হাসানের ৪৩ ও নয়ে নামা সাদমান ইসলামের ৩৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭২ করে ‘এ’ দল। শেষ ৬ ওভারে ওঠে ৪৭। তবে নয়জন ব্যাটসম্যান খেলিয়েও রানটা পর্যাপ্ত হলো কিনা, প্রশ্ন থেকেই যায়।
জাতীয় দলের দুই তারকা সৌম্য সরকার-সাব্বির রহমান এ ম্যাচে ছিলেন নিষ্প্রভ। ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের দায়টাই হয়তো বেশি। চ্যালেঞ্জিং স্কোর গড়েও কেন ম্যাচটা হাতছাড়া হলো, এ প্রশ্ন তাড়া করবে বোলারদের।