ভিল্লাভারায়ণকে ছাড়াই কন্ডিশনিং ক্যাম্প
ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলের ৩০ জনকে নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু কন্ডিশনিং ক্যাম্পটা অন্য রকম গুরুত্বই পাচ্ছে মাশরাফি বিন মুর্তজা-তামিম ইকবালদের কাছে। কাল দুপুরে বিসিবি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় ফিটনেস ট্রেনিংয়ের গুরুত্বের কথাই বলছিলেন দেশের দুই ক্রিকেট তারকা। আপাতত ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলেও আগামী সেপ্টেম্বর থেকে একের পর এক সিরিজ-টুর্নামেন্টের ব্যস্ততা খেলোয়াড়দের সামনে। ব্যস্ত সূচি সামনে রেখে নিজেদের প্রস্তুত করে নেওয়ার এই সুযোগ।
কিন্তু যাঁর তত্ত্বাবধানে তা হওয়ার কথা, জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণই তো নেই। গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা বিসিবির বিদেশি কোচ-ট্রেনাররা বাংলাদেশে নিজেদের নিরাপত্তা নিয়ে যথেষ্টই শঙ্কিত বলে জানা গেছে একটি সূত্রে। সেটি স্বাভাবিকও। কারণ ওই রেস্টুরেস্টে ভিল্লাভারায়ণ ও হাথুরুসিংহে নাকি প্রায় নিয়মিতই যেতেন। এ কারণেই প্রশ্নটা উঠেছে, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই কি ভিল্লাভারায়ণের আসতে দেরি হচ্ছে? কাল সংবাদমাধ্যমের সামনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য তা উড়িয়ে দিতে চাইলেন, ‘এখানে অন্য কোনো বিষয় নেই। তাঁর পরিবার অস্ট্রেলিয়া নাকি শ্রীলঙ্কায় থাকবে, এটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। পরিবারকে এক জায়গায় রেখে আগামী মাসে দলের অন্য কোচিং স্টাফের সঙ্গে সে আসবে।’
ভিল্লাভারায়ণের অনুপস্থিতিতে কন্ডিশনিং ক্যাম্প পরিচালনা করবেন বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। আগামী দুই সপ্তাহ ইফতেখারের অধীনেই ফিটনেস নিয়ে কাজ করবেন মাশরাফিরা।
শুধু ভিল্লাভারায়ণ নন, জাতীয় দলের অন্য বিদেশি কোচিং স্টাফরা কবে ঢাকায় আসছেন, তা নিয়েও নানা জল্পনা। জালাল অবশ্য জানালেন, আগস্টের প্রথম সপ্তাহেই চলে আসবেন ভিল্লাভারায়ণ ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল কবে আসবেন, সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগেই ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা ছিল হাথুরুসিংহেদের। গুলশানের ঘটনার পর নিরাপত্তাজনিত কারণেই কি দীর্ঘ হচ্ছে তাঁদের ছুটি? সবাই মোটামুটি এটাই ধরে নিচ্ছেন। জালাল যদিও বললেন, ‘যেহেতু এই কদিন গুরুত্বপূর্ণ কিছু নেই, স্কিল ট্রেনিং শুরু হওয়ার আগে পর্যন্ত তারা সময় নিচ্ছে।’
বিদেশি স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থাই নিচ্ছে বিসিবি। এরই মধ্যে বোর্ডের অধীনে থাকা সব বিদেশির সঙ্গেই একজন করে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়ে রাখা হয়েছে।