ভিসা জটিলতায় 'বাঘ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই বাঘ বেশে দলকে উৎসাহ জোগান শোয়েব। ছবি: শামসুল হক
এভাবেই বাঘ বেশে দলকে উৎসাহ জোগান শোয়েব। ছবি: শামসুল হক

ঘরের মাঠে বাংলাদেশের খেলা থাকলেই গ্যালারিতে তাঁর উপস্থিতি নিয়মিত। তবে তিনি হাজির হন ভিন্নভাবে। রয়েল বেঙ্গল টাইগারের সাজে, হাতে লাল–সবুজ পতাকা উঁচিয়ে অবিরত উৎসাহ জোগান দলকে। বাঘের নাম শোয়েব আলী। বাঘ আছে আরেকজন—ফাহিমুল হক। টাইগার মিলন নামেই যিনি বেশি পরিচিত। ফাহিম এরই মধ্যে দলকে উৎসাহ জোগাতে চলে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে ভিসাসংক্রান্ত জটিলতায় অস্ট্রেলিয়া-যাত্রা আটকে গেছে ‘টাইগার’ শোয়েবের।

বাঘ সেজে মাঠে দলকে উৎসাহ দেওয়ার রীতি প্রথম চালু করার কৃতিত্ব শোয়েবরই। ২০১২ এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু, চলছে এখনো। কেবল ঘরের মাঠে সীমাবদ্ধ থাকেননি। চরম আর্থিক অনিশ্চয়তা আর জীবন ঝুঁকির পরও দলকে সমর্থন দিতে শোয়েব ছুটে গিয়েছেন শ্রীলঙ্কা, জিম্বাবুয়েতে। দলকে এভাবে সমর্থন দেওয়ার চিন্তা মাথায় এল কীভাবে? আজ সন্ধ্যায় প্রথম আলোর কার্যালয়ে

চিনতে পেরেছেন কে? টাইগার শোয়েব! আজ সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে। ছবি: জাহিদুল করিম
চিনতে পেরেছেন কে? টাইগার শোয়েব! আজ সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে। ছবি: জাহিদুল করিম

এসে শোয়েব শোনালেন সেই গল্প, ‘ভারতে সুধীর গৌতমকে দেখে উৎসাহিত হয়েছি।’
সুধীর শচীন টেন্ডুলকারের সেই ভক্ত, যিনি শঙ্খ হাতে, তেরঙার রঙে শরীরটা রাঙিয়ে ‘টেন্ডুলকার নম্বর ১০’ লিখে নিয়মিত হাজির হন মাঠে। ২২ গজ থেকে টেন্ডুলকারের প্রস্থানের পরও তাঁর উপস্থিতি আগের মতোই। শোয়েব বললেন, ‘টেন্ডুলকার একবার কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, গ্যালারিতে এমন সমর্থক (সুধীর) দেখলে ভালো খেলার প্রেরণা আরও বেড়ে যায়। ভাবলাম, বাংলাদেশে তো এমন সমর্থক নেই। আমাদের শক্তির প্রতীক যেহেতু বাঘ। তাই বাঘের সাজে যাওয়া শুরু করলাম গ্যালারিতে।’
তাতেই সবার নজর কাড়লেন শোয়েব। টিভি ক্যামেরায় হাজারো দর্শকের মধ্যে শোয়েব যেন গ্যালারির তারকা! দলের জন্য বিরামহীন উৎসাহ জোগাতে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, পানিও পাওয়া যায় না। কোনো প্রতিবন্ধকতায় শোয়েবকে থামানো যায় না। দল খারাপ-ভালো যা-ই করুক, শোয়েব গলা ফাটিয়ে যান অবিরত। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলার সময় শুনলেন, খুব কাছের এক আত্মীয় মারা গেছেন! তবুও শোয়েব গ্যালারি ছাড়েননি। স্বজন হারানোর কষ্ট বুকে চেপে বাংলাদেশকে উৎসাহ দিয়েছেন।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘সব দলেরই কম–বেশি এমন সমর্থক থাকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা দলে আছে; আমাদেরও আছে। খেলার ফল ভালো-খারাপ যা-ই হোক, তারা বাংলাদেশকে সমর্থন করে সব সময়। আমরা তো এটাই চাই। ভালো-খারাপ যা-ই হবে, দলকে নিজের ভেতর ধারণ করতে হবে। শোয়েবরা সেটাই করে।’
দেশ-বিদেশের এ ভেন্যু–ও ভেন্যু ছুটতে গিয়ে অনেক সময়ই আর্থিক টানাপোড়েনে পড়ে যান পেশায় মোটর মেকানিক শোয়েব। এ ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করে করপোরেট প্রতিষ্ঠান, বর্তমান ও সাবেক খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন সমর্থক গোষ্ঠী। অনেক সময় সেটাও কঠিন হয়ে পড়ে। যেমনটা এখন হয়েছে। তাঁর স্বপ্ন, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন দিতে যাবেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। শুরুতে আর্থিক সমস্যা থাকলেও, সেটি আপাতত মিটেছে। কিন্তু সর্বশেষ ভিসাসংক্রান্ত জটিলতায় আটকে গেছে শোয়েবের অস্ট্রেলিয়ায় যাওয়া।
শোয়েব বিষণ্ন মনে বললেন, ‘কয়েকজন বলেছেন অস্ট্রেলিয়ায় থাকার ব্যবস্থা করে দেবেন, একজন প্রতিশ্রুতি দিয়েছেন বিমানের টিকিট জোগাড় করে দেবেন। কিন্তু শেষমেশ সমস্যা হয়ে দাঁড়াল ভিসা নিয়ে। কাগজপত্র জমা দিয়েছি। বুধবার দূতাবাস থেকে ফোন করেছিল। যদি একটা ম্যাচ দেখার সুযোগ পাই, তবুও অস্ট্রেলিয়ায় যাব। আশা ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি।’